
কাশ্মীরে ফের হামলা
শেষ আপডেট: 27 April 2025 09:06
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের উত্তপ্ত পরিস্থিতি। হিন্দু পর্যটকদের নিশানা বানানোর পর এবার সাধারণ মানুষের ওপর হামলা চালাল জঙ্গিরা। উত্তর কাশ্মীরের কুপওয়ারার কান্দি খাস এলাকায় এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে গুলি করে গুরুতর জখম করল তারা। আহত ব্যক্তির নাম রসুল মাগরে (৪৩)। বর্তমানে হান্দওয়ারার জিএমসি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে রসুল মাগরের বাড়িতে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। তলপেটে ও বাম হাতে গুলি লাগে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে রসুল মাগরেকে নিশানা করা হল, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীর উপত্যকায় বাড়তি সতর্কতা জারি রয়েছে। সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। পাশাপাশি, বৃহস্পতিবার বান্দিপোরার একটি চেকপোস্ট থেকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, প্রচুর গুলি ও একাধিক হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ রুখতে নিরাপত্তা বাহিনী আরও তৎপর হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।