
Bangalore Blast
শেষ আপডেট: 13 March 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে এনআইএ।
জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, কর্ণাটকের বেল্লারি জেলা থেকে শাব্বির নামে ওই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ, এ ব্যাপারে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। বিষয়টি জানতে অভিযুক্তকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা।
গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩ মার্চ ঘটনার তদন্তভার নেয় এনআইএ। তদন্তে নেমে গোয়েন্দারা নিশ্চিত হন, টাইমার সহ একটি আইইডি ডিভাইসের সাহায্যে সেদিন দুপুর ১ টা নাগাদ ওই ক্যাফেতে বিস্ফোরণ ঘটানো হয়। তাতে ক্যাফের তিন কর্মী-সহ ৪জন গুরুতর আহত হন। এছাড়াও জখম হন আরও ৬ জন।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ক্যাফের রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে কিংবা শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কিন্তু তদন্তে নেমে টাইমার-সহ একটি আইইডি ডিভাইসের হদিস পান তদন্তকারীরা।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, কালো টুপি, কালো প্যান্ট এবং কালো জুতো পরা এক সন্দেহভাজন ব্যক্তি বিস্ফোরণের আগে সংশ্লিষ্ট ক্যাফের সামনে একটি ব্যাগ রাখছেন।
এরপরই তদন্তের অভিমুখ বদলে যায়। বিস্ফোরণের সঙ্গে জঙ্গি হামলার যোগসূত্রের খোঁজে তদন্তে নামেন এনআইএ আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ব্যক্তির ছবি দিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পোস্টার দেয় এনআইএ। হামলাকারীর সম্পর্কে তথ্যের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।
এরপরই সন্দেহভাজন এক অভিযুক্তকে পাকড়াও করেছে এনআইএ। ধৃতকে জেরা করে হামলার কারণ এবং হামলার সঙ্গে যুক্ত বাকিদের তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।