
গৌতম আদানি
শেষ আপডেট: 25 November 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: ঘুষ কেলেঙ্কারির অভিযোগে নাকানি-চোবানি খাচ্ছে আদানি গোষ্ঠী। তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে।
এই আবহেই আদানি গোষ্ঠীর দেওয়া ১০০ কোটি টাকা ফিরিয়ে দিল তেলঙ্গানার কংগ্রেস সরকার। তেলেঙ্গানার একটি ইউনিভার্সিটি তৈরির জন্য ওই টাকা দেওয়া হয়েছিল বলে খবর।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, ইয়ং ইন্ডিয়া স্কিল ইউনিভার্সিটির জন্য সরকার আদানি গ্রুপের থেকে কোনও অনুদান নেয়নি। আদানি গ্রুপকে সরকার জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটি তৈরির জন্য ওই গোষ্ঠীর দেওয়া ১০০ কোটি টাকাও নেওয়া হবে না।
প্রসঙ্গত, দু’বছর আগে মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গের এক রিপোর্টকে কেন্দ্র করে আন্দোলিত হয়ে উঠেছিল গোটা দেশ। কারণ, হিন্ডেনবার্গের রিপোর্টে অভিযোগ করা হয়েছিল যে বিপুল পরিমাণ বেআইনি আর্থিক লেনদেন করেছে গৌতম আদানির সংস্থা।
সম্প্রতি খোদ গৌতম আদানিকেই ঘুষ কাণ্ডে অভিযুক্ত বলে ঘোষণা করল মার্কিন আদালত। গৌতম আদানির ভাইপো সাগর আদানি এবং সংস্থার বোর্ডের আরও ৬ জন অধিকর্তা ভারতের সরকারি অফিসারদের ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়েছে। যাতে তারা রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সরবরাহ সংস্থার সঙ্গে সৌর বিদ্যুতের চুক্তি করতে পারে। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই ঘুষ দেওয়া হয়েছে।
ঘুষ দেওয়ার ব্যাপার নিয়ে মার্কিন আদালত বরাবরই স্পর্শকাতর। কারণ এর অর্থ হল উপভোক্তা, বিনিয়োগকারী বা সাধারণ মানুষকে ঠকিয়ে অসাধু উপায়ে কাজ হাসিল করা। মার্কিন আদালতের বক্তব্য, ঘুষ দিয়ে বিদ্যুৎ সরবরাহের চুক্তি হাসিলের বিষয়টি মার্কিন বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে গোপন রেখেছিল আদানি গোষ্ঠী। তারা ভেবেছিল এই চুক্তি থেকে ২ বিলিয়ন ডলার তথা প্রায় ১৭ হাজার কোটি টাকা মুনাফা করবে।