
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 September 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: বিহারের সহরসায় মাথায় বন্দুক ঠেকিয়ে ১৪ বছরের তরুণীকে ধর্ষণ। ঘটনা চাপা দিতে নির্যাতিতার পরিবারকে টাকার লোভ দেখায় অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার, রোজকার মতো ছাগল চরাতে গিয়েছিলেন ওই তরুণী। বাড়ি ফেরার সময় তাঁর রাস্তা আটকায় একটি গাড়ি। ড্রাইভার-সহ তাতে ছিল ৩ জন। অভিযুক্তরা তরুণীকে গাড়িতে উঠতে বলে। তিনি গাড়িতে উঠতে না চাইলে মাথায় বন্দুক ঠেকায়।
ভয়ে পেয়ে তরুণী ওই গাড়িতে উঠলে তাঁকে ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, তরুণীর চিৎকার যাতে গাড়ির বাইরে না আসে তার জন্য জোরে গান চালিয়ে দেওয়া হয়। ২ ঘণ্টা ধরে চলে নির্যাতন। পরে নির্যাতিতাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। ছিঁড়ে ফেলা হয় তাঁর জমাকাপড়ও।
এই ঘটনার পর বাড়িতে ফিরে বাবা-মা'কে কিছু বলতে পারেননি তিনি। লুকিয়ে রাখেন গোটা ঘটনা। পরে তাঁর কাকিমা জিজ্ঞাসা করায় পুরো ঘটনা সামনে আসে।
বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তদের তরফে টাকার প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। বাড়ির বাইরে বেরোলেই তরুণীর ওপর নজর রাখা হত বলেও জানিয়েছেন তাঁরা।
পরিবারের দাবি, টাকা নয় মেয়ের উপর হওয়া নির্যাতনের বিচার চাই। নির্যাতিতার বাবা বলেন, 'কত টাকা দেবে আমায়? আমার টাকার প্রয়োজন নেই। আমি বিচার চাই।'
ঘটনার তদন্ত করছে পুলিশ। নির্যাতিতাকে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার জন্য।