
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 23 March 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে দিল্লির একটি পার্কে মিলল যুগলের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্বে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। পরিচয় জানার চেষ্টা চলছে।
দক্ষিণ দিল্লির হওজ খাস এলাকার ডিয়ার পার্কে রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ এক কিশোর ও কিশোরীর ঝুলন্ত দেহ দেখতে পান পার্কের এক নিরাপত্তারক্ষী। প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন দেহ দেখে রীতিমতো চমকে যান বাকিরা। খবর দেওয়া হয় পুলিশে। তাঁরা পার্কে পৌঁছে দেহ দু'টি উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছেন আধিকারিকরা।
আনুমানিক ১৭ বছর বয়সি কিশোরটির পরনে ছিল কালো টি-শার্ট ও নীল রঙের জিনস এবং কিশোরীটি সবুজ রঙের একটি পোশাক পরেছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।