
গুলিতে জখম প্রধানশিক্ষিকা
শেষ আপডেট: 28 November 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো: ক্লাসে ঢুকে প্রধান শিক্ষিকাকে গুলি করল শিক্ষক। আকস্মিক এমন ভয়ঙ্কর ঘটনায় সাড়া পড়ল গোটা তল্লাটে। গুরুতর জখম প্রধান শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে গুলি বার করার চেষ্টা করছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর মোহনপুর ব্লকের চিত্রপোকা আপগ্রেডেড মধ্য বিদ্যালয়ে।
ছাত্র ছাত্রীদের সামনেই এমন বিভৎস ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে তারা। ক্লাসরুম থেকে বেরিয়ে যে যেদিকে পারে ছুটতে থাকে। গুলির শব্দ ও বাচ্চাদের চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের অন্যরা। গুরুতর জখম প্রধান শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তররা অস্ত্রোপচার করে তার দেহ থেকে গুলি বার করার চেষ্টা শুরু করেন।
অভিযোগ উঠেছে, ওই শিক্ষক প্রধানশিক্ষিকার কাছ থেকে মিডডে মিলের বরাদ্দ থেকে অর্থ দাবি করেছিলেন। কিন্তু প্রধান শিক্ষিকা তাতে সম্মত না হওয়ায় ওই শিক্ষক তাঁকে গুলি করেন।
বৃহস্পতিবার দুপুরে স্কুল চলাকালীন এই ঘটনায় তোলপাড় শুরু হয়। জানা গেছে, ঘটনার সময় প্রধান শিক্ষিকা চাঁদনী কুমারী ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছিলেন। হঠাৎ করেই সে সময় অভিযুক্ত শিক্ষক হাতে পিস্তল নিয়ে ক্লাসে ঢুকে পড়ে এবং কোনও কিছু বোঝার আগেই সে প্রধান শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে প্রধান শিক্ষিকার হাতে। রক্তাক্ত অবস্থায় ক্লাস ঘরেই লুটিয়ে পড়েন তিনি।
পড়ুয়াদের চোখের সামনে এই ঘটনা ঘটে। এরপরই অভিযুক্ত শিক্ষক সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে স্কুলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে হত্যার চক্রান্ত হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হাতে লাগায় এ যাত্রা প্রাণে বেঁচে গেলেন প্রধান শিক্ষিকা। ভয়ঙ্কর ঘটনার অভিঘাতে দিশেহারা ছাত্রছাত্রীরা যে যার মতো স্কুল থেকে পালিয়ে চলে যায়। তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা।