তনুষ্কা সিং
শেষ আপডেট: 1 March 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার (IAF) জাগুয়ার ফাইটার জেট স্কোয়াড্রনে (Jaguar Fighter Jet Squadron) প্রথম স্থায়ী মহিলা পাইলট হিসেবে নয়া ইতিহাস রচনা করলেন ফ্লাইং অফিসার তনুষ্কা সিং (Tanushka Singh)। শীঘ্রই তিনি স্কোয়াড্রনে সক্রিয় দায়িত্ব পালন করতে চলেছেন বলে খবর। ভারতীয় বায়ুসেনায় যুদ্ধক্ষেত্রে মহিলাদের অবদানে তনুষ্কার অন্তর্ভুক্তি একটি বড় মাইলস্টোন।
জাগুয়ার ফাইট জেট বায়ুসেনার গুরুত্বপূর্ণ স্ট্রাইক এয়ারক্রাফট, যা শত্রুদের উপর নির্ভুল আক্রমণের জন্যই বিশেষ পরিচিত। তবে এর আগে মহিলা পাইলটরা প্রশিক্ষণ চলার সময় জাগুয়ার ওড়াননি তেমনটা নয়। কিন্তু তনুষ্কা আর পাঁচজনের থেকে আলাদা। প্রশিক্ষণ চলাকালীন স্থায়ীভাবে স্কোয়াড্রনে যোগদান অবশ্যই একটি নজিরবিহীন ঘটনা।
প্রথমে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে থাকলেও পরবর্তীতে বায়ুসেনায় মহিলাদের সুযোগ ও অগ্রাধিকারের কথা শুনে নিজের মত বদলে ফেলেন তনুষ্কা।
এরপরই তেলেঙ্গানার ডুন্ডিগালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে শুরু করেন। পরে হক এমকে ১৩২ এয়ারক্রাফটের উপর বিশেষ প্রশিক্ষণ নেন।
উত্তরপ্রদেশে জন্ম হলেও ২০০৭ সাল থেকেই ম্যাঙ্গালুরুতে থাকেন তনুষ্কা। সুরথকালে প্রাথমিক শিক্ষার পর ম্যাঙ্গালুরুতে ক্লাস টুয়েলভ পাশ করে ২০২২ সালে ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাশ করেন।
এদিকে তরুণীর পরিবারও সামরিক ক্ষেত্রে কর্মরত ছিলেন বলে খবর। তাঁর বাবা এবং ঠাকুরদা দু'জনেই সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন।