
ঘটনার সময়ের ছবি
শেষ আপডেট: 4 September 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ চলছিল রাস্তায়। প্রতিবাদ দেখাচ্ছিলেন বেশ কিছু মানুষ। তখনই তাঁদের সরাতে গিয়ে নিগ্রহের শিকার হলেন এক মহিলা পুলিশ অফিসার।
অভিযোগ, ধাক্কা মেরে ওই মহিলা অফিসারের চুলের মুঠি ধরে টানা হয়। তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার ভিডিও-ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, গত সোমবার অরুপুক্কোটাইয়ে খুন হন কালী কুমার নামের এক ব্যক্তি। অভিযোগ, ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করা হয় তাঁকে। যে হাসপাতালে কালীর দেহ রাখা হয়েছে সেখানে মৃতের বন্ধু ও পরিবারের সদস্যরা জড়ো হন। পথ অবরোধ করে খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
এমন সময়ে ভিড় সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএসপি গায়ত্রী-সহ অন্য পুলিশ আধিকারিকরা। যেই তাঁরা অবরোধকারীদের সরাতে যান গোলমাল শুরু হয়। শুরু হয় হাতাহাতি।
சரிதான் கை வச்சவனுக்கு அஷ்டமத்து சனி உச்சதுல இருக்கான் போல...
— Pudukkottai Page (@pudukkottai_pag) September 3, 2024
*அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல்.. **
*தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ள முயற்சி..*#nellailife #aruppukottai pic.twitter.com/4RAPl2XLgi
অভিযোগ, এই সময়েই এক বিক্ষোভকারী ওই মহিলা ডিএসপিকে ধাক্কা মারেন। অন্যদিক থেকে আর একজন এসে তাঁর চুলের মুঠি ধরে টান দেন। বাকি পুলিশ কর্মীরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান গায়ত্রীকে।
এই ঘটনায় মূল অভিযুক্ত বালামুরুগানকে সেখানেই গ্রেফতার করা হয়। তিনিই গায়ত্রীর চুল ধরে টানেন বলে অভিযোগ। সেই সঙ্গেই আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, আক্রান্ত মহিলা ডিএসপির কোনও চোট লাগেনি।