
তদন্তে পুলিশ।
শেষ আপডেট: 11 October 2024 10:28
দ্য ওয়াল ব্যুরো: 'এই নাও বাটি, যাও ভিক্ষা করো!' এমন ভাষাতেই মা-বাবাকে চরম অপমান করলেন সন্তানরা। সহ্য করতে না পেরে ছাদের উপরে উঠে জলের ট্যাঙ্ক থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন বয়স্ক দম্পতি। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজস্থানের নাগৌর এলাকায়।
পুলিশ জানিয়েছে, ওই দম্পতি আত্মহত্যার আগে একটি চিঠিও লিখে রেখে গেছেন। যেখানে তাঁদের দুই সন্তানের বিরুদ্ধে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ করেছেন তাঁরা।
শুধু তাই নয়, দুই সন্তান সম্পত্তির লোভে তাঁদের উপর নির্যাতন তো করতেনই, পুত্রবধূরাও নির্যাতন চালাতেন বৃদ্ধ দম্পতির উপর। কথায় কথায় হুমকি দিতেন মেরে ফেলার। খাবারও বন্ধ করে দেওয়া হতো প্রায়ই। এসবের পরে বাটি নিয়ে তাঁদের ভিক্ষা করতে বললে, সেই অপমান আর সহ্য করতে পারেননি তাঁরা।
এই সব কথা চিঠিতে লিখে রেখে আত্মঘাতী হয়েছেন ৭০ বছর বয়সি হাজারিরাম বিষ্ণুই এবং তাঁর ৬৮ বছর বয়সি স্ত্রী চাওয়ালি দেবী। বৃহস্পতিবার নাগৌর এলাকার কারনি কলোনিতে অবস্থিত তাঁদের বাড়ির জলের ট্যাঙ্কের নীচ থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, দম্পতির চার সন্তান। দুই ছেলে এবং দুই মেয়ে। সুইসাইড নোটে লেখা আছে, তাঁদের ছেলে রাজেন্দ্র তাঁদের তিনবার নির্যাতন করেছেন এবং আর এক ছেলে সুনীল দু'বার মারধর করে। মারধরের বিষয়ে যদি তাঁরা কাউকে কিছু বলেন, তাহলে তাঁদের ঘুমের মধ্যে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন ছেলে-মেয়েরা।
এ বিষয়ে নাগৌর পুলিশ সুপার নারায়ণ তোগাস বলেন, দু'জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই জায়গার সিসিটিভি ফুটেজও ভাল করে দেখা হচ্ছে।