
তাজমহল - ফাইল ছবি
শেষ আপডেট: 3 December 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: তাজমহল উড়িয়ে দেওয়া হবে! হুমকি আসতেই রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। যদিও পুলিশের অনুমান, এই হুমকি ভুয়ো। আদতে তাজমহল বা তার চত্বরে কোনও বোমা নেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিগত কয়েক মাসে লাগাতার এই ধরণের হুমকি এসেছে দেশের বিভিন্ন স্কুল-কলেজ, হাসপাতালে। বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনা তো রোজকারের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে এবার তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হল।
জানা গেছে, উত্তরপ্রদেশ ট্যুরিজমের আঞ্চলিক অফিসে মঙ্গলবার সকালে একটি হুমকি মেল আসে। সেখানে স্পষ্ট বলা হয়, তাজমহলে বিস্ফোরণ ঘটানো হবে। বোমা নাকি সেখানেই মজুত আছে। এই খবর পেতেই স্থানীয় পুলিশ, বম্ব স্কোয়াড তাজমহলে পৌঁছয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও সেখান থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, ঠিক যেভাবে বিগত কয়েক মাস ধরে ভুয়ো হুমকি ফোন বা মেল আসছে বিমানবন্দর বা স্কুল-কলেজগুলিতে, এই ঘটনাও সেরকম। শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি করার জন্য এই মেল করা হয়েছিল। যদিও কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানতে পারেনি পুলিশ।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। বোমা যে ছিল, তারও কোনও প্রমাণ মেলেনি। তবে ঘটনাস্থল যেহেতু তাজমহল তাই কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না উত্তরপ্রদেশ প্রশাসন। বাড়ানো হয়েছে সেখানকার নিরাপত্তা। ঘটনাস্থলে রাখা হয়েছে ডগ স্কোয়াডও।