
তাহাউর রানা (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 10 April 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে আনা হল ২০০৮ সালের মুম্বই হামলার মূল অভিযুক্ত তাহাউর রানাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিশেষ বিমানে করে তাকে দিল্লিতে আনা হয়েছে। এর জেরে বাড়ানো হয়েছে রাজধানীরহ নিরাপত্তা। দিল্লির পালাম বিমানবন্দরে বুলেটপ্রুফ গাড়ি এবং সশস্ত্র কমান্ডো-সহ একটি কনভয়ও মোতায়েন করা হয়েছে।
প্রথমে সূত্র মারফত জানা গেছিল, তাকে দুপুরের মধ্যেই দিল্লিতে আনা হবে কিন্তু পরে জানা যায়, বিশেষ ওই বিমানটি সন্ধে ৬.৩০ নাগাদ দিল্লির মাটি ছোঁবে। ২৬/১১-য় তাহাউরের বিচার প্রক্রিয়া শুরু হবে আজ থেকেই। এর জন্য হাই-সিকিওরিটি ইন্টারোগেশন সেল প্রস্তুত রাখা হয়েছে।
জানা যাচ্ছে, ২৬/১১ হামলার ওই মূল ষড়যন্ত্রকারীকে পরে দিল্লির এক আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন, জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (UAPA) অধীনে অভিযোগ আনা হয়েছে। রানা-র প্রত্যার্পণ ভারতের কাছে বড় কূটনৈতিক ও আইনি সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১. তাহাউর রানা-কে খুব শীঘ্রই এনআইএ আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করবে। তাঁকে তিহার জেলে রাখা হবে, সেখানে তাঁর থাকার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাঁর প্রত্যার্পণের কথা মাথায় রেখে কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
২. রানা-কে পালাম টেকনিক্যাল এয়ারপোর্ট থেকে এনআইএ সদর দফতরে বুলেটপ্রুফ গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর, বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি একটি মার্কসম্যান গাড়িও রিজার্ভড রাখা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের কম্যান্ডোরা এই গাড়ির সঙ্গে স্ট্যান্ডবাই থাকবেন।
৩. ৬৪ বছর বয়সি এই সন্ত্রাসবাদীকে দিল্লির একটি বিশেষ এনআইএ আদালতে তোলা হবে। যেহেতু মামলার শুনানি দিল্লিতে হবে, তাই তাকে মুম্বইয়ে পাঠানো হবে না।
৪. রানার মামলায় এনআইয়ের পক্ষে আইনজীবীদের দলে নেতৃত্ব দিতে পারেন বিশিষ্ট ক্রিমিনাল ল'ইয়ার দয়ন কৃষ্ণণ। তাঁর সঙ্গে থাকবেন বিশেষ সরকারি কৌঁসুলি (SPP) নরেন্দ্র মান।
৫. প্রত্যর্পণ চুক্তির অংশ হিসেবে ভারত আমেরিকাকে আশ্বস্ত করেছে, রানা-কে কোনও ধরনের নির্যাতন করা হবে না, তাঁকে কারাগারে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে এবং শুধুমাত্র যেসব অভিযোগে তাঁকে প্রত্যর্পণ করা হয়েছে, সেগুলিরই বিচার হবে।
৬. পাকিস্তান বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। তারপরই তাকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হয়।
৭. দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সম্ভবত আজই তাঁকে সেখানে পেশ করা হবে। আধাসামরিক বাহিনী ও দিল্লি পুলিশ মোতায়েন রয়েছে এবং আদালতে ঢোকা-বেরনোর সময়ও তল্লাশি চালানো হচ্ছে।
৮. সূত্রের খবর, দিল্লির একটি আদালত ইতিমধ্যেই ২৬/১১ মামলার বিচার সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে। সেই নথি জেলা বিচারক বিমল কুমার যাদবের আদালতে জমাও পড়েছে।
৯. রানা-র ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই হামলার অন্যতম মূল চক্রী ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানি। হেডলির অভিযোগ, রানা হামলার জন্য সহযোগিতা করেছিলেন আর্থিকভাবে।