
স্বাতী মালিওয়াল
শেষ আপডেট: 8 February 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল ঘনিষ্ঠ ছিলেন এক সময়ে। কিন্তু একটি ঘটনা পুরোপুরি চিত্রটাই পাল্টে দিয়েছে। এখন দিল্লি ভোটের ফল বেরনোর পর কেজরিওয়ালকে কার্যত কটাক্ষ করলেন তিনি। কথা হচ্ছে স্বাতী মালিওয়ালের। আপেরই রাজ্যসভার সাংসদ স্বাতী। তবে দলের হারের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।
দিল্লির নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছে আপ। ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় আসছে বিজেপি, ক্ষমতাচ্যুত কেজরির দল। এই অবস্থায় কার্যত উদাসীন স্বাতী। দলের পরাজয় নিয়ে সেইভাবে কোনও মন্তব্য করেননি তিনি তবে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের ছবি পোস্ট করেছেন। তাঁর সেই পোস্ট ঘিরে এখন শুরু হয়েছে জল্পনা।
কেন এমন পোস্ট করলেন স্বাতী মালিওয়াল তা বুঝতে গেলে একটু অতীতে ঝুঁকতে হবে। আসলে কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছিলেন তিনি। দাবি ছিল, কেজরিওয়ালের বাসভবনেই তাঁকে হেনস্থা করেছিলেন বৈভব। চড় থেকে শুরু করে একাধিক লাথি মারা হয় তাঁকে! প্রাথমিক পর্যায়ে ঘটনার নিন্দা করা হলেও কিছুদিনের মধ্যে অবস্থান বদলে ফেলে আপ।

আপ নেত্রী আতিশী স্পষ্ট বলেছিলেন, স্বাতীর যাবতীয় অভিযোগ নাকি ভিত্তিহীন, এর নেপথ্যে বিজেপির হাত থাকতে পারে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর কেজরি এবং দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ান স্বাতী মালিওয়াল। তারপর থেকে দলের সদস্য হয়েও আপের বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছিলেন তিনি। কখনও আবর্জনা, কখনও জলের সমস্যা নিয়ে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এক কথায়, অন্য দলের হয়ে ভোটে না লড়লেও আপের বিরোধিতা করে গেছেন স্বাতী। সেক্ষেত্রে বলা যায়, ভোটে না লড়েও ভোটে জিতলেন তিনি।