.webp)
স্বাতী মালিওয়াল ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রাঘব চাড্ডা।
শেষ আপডেট: 18 May 2024 11:23
দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী অভিযুক্ত বিভব কুমার। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সনের বিরুদ্ধে শুক্রবার থেকেই খড়্গহস্ত হয়েছে আপ। গতকালের পর শনিবারও মালিওয়ালের বিরুদ্ধে মুখ খুলেছেন আপ নেত্রী আতিশী।
দলের তরফে যে দাবিই করা হোক না কেন, দিল্লি পুলিশ ও ফরেন্সিক দল মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও ডিভিডি খতিয়ে দেখছে। এদিন সকালে একটি নতুন ফুটেজ প্রকাশ্যে এসেছে। যাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তাকর্মীরা স্বাতী মালিওয়ালকে হাত ধরে বাইরে বের করে নিয়ে যাচ্ছেন। তাঁকে তাঁরা রাস্তা পর্যন্ত বের করে আনেন।
এদিন সকালে একটি সংবাদ সংস্থাকে আতিশী বলেন, স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি, বেআইনি নিয়োগের অভিযোগ ছিল। তাই অন্যান্য ক্ষেত্রের মতো এক্ষেত্রেও বিজেপি ষড়যন্ত্র করে তাঁকে দিয়ে দলকে অপদস্থ করার চেষ্টা করছে। ইডি, সিবিআই, দুর্নীতি দমন ব্যুরো, আয়কর প্রভৃতি সংস্থাকে দিয়ে বিরোধী নেতাদের ব্ল্যাকমেল করছে বিজেপি। স্বাতী মালিওয়ালের ক্ষেত্রেও একই ফর্মুলা প্রয়োগ করছে তারা।
স্বাতীর বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোর মামলা হয়েছে এবং তদন্তও শুরু হয়ে গিয়েছে। এই অস্ত্র ব্যবহার করেই স্বাতীকে বোড়ে হিসেবে ষড়যন্ত্র করছে বিজেপি। আতিশীর দাবি, নিরপেক্ষ তদন্ত হোক এবং স্বাতীর সঙ্গে কোন কোন বিজেপির নেতার, কখন কখন হোয়াটস অ্যাপে কথা হয়েছে, কোথায় দেখা হয়েছে, তাও যেন প্রকাশ্যে আনা হয়।
এদিকে, এই ঘটনায় বিজেপি নেতারা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লাগাতর তোপ দেগে চলেছেন। এখন কংগ্রেসও তাদের জোট শরিক আপের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী দাবি তুলেছেন, অভিযুক্তকে হেফাজতে নিয়ে জোরাল তদন্ত করা উচিত। তিনি বলেছেন, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা ব্যক্তিকে আগে হেফাজতে নেওয়া হোক। তা তিনি মন্ত্রী হন বা মন্ত্রীর পিএ, কাউকেই রেয়াত করা উচিত নয়। এর আগে প্রিয়ঙ্কা গান্ধীও এই ইস্যুতে মহিলাদের পাশে রয়েছেন বলে জানিয়ে দেন।
এই ডামাডোলের বাজারে এদিনই সকালে দেশে ফিরেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে হাজির হয়েছেন রাঘব চাড্ডা। রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। দেশে ফিরেই দেখা করতে যান দলনেতার সঙ্গে। দিল্লিতে লোকসভা ভোটের প্রচার আজই শেষ হচ্ছে। তার আগে বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাস্তায় নেমে প্রচার হয়তো করতে পারবেন না। তবে তাঁর ফিরে আসায় ভোটের মুখে আপ কিছুটা স্বস্তি পেল বলাই যায়।