.webp)
কান্নায় ভেঙে পড়লেন স্বাতী মালিওয়াল। ফাইল ছবি।
শেষ আপডেট: 27 May 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ শাগরেদ বিভব কুমারকে জামিন দিল না আদালত। সোমবার আদালতে বিভবকে জামিন দিলে তিনি ও তাঁর পরিবার খুন হয়ে যেতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। সোমবার দিল্লির তিস হাজারি আদালতে মালিওয়ালকে মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতরে মারধরে অভিযুক্ত বিভব কুমারের জামিনের আবেদনের উপর শুনানি চলছিল। এজলাসে কুমারের আইনজীবীর জোরাল সওয়াল চলার সময় কান্নায় ভেঙে পড়েন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী।
কুমারের পক্ষে প্রবীণ আইনজীবী এন হরিহরণ স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অনধিকার প্রবেশের অভিযোগ তোলেন। তিনি কোনও অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই এসেছিলেন। এবং সেই সময় বিভব কুমার মুখ্যমন্ত্রীর বাসভবনেও ছিলেন না বলে আদালতে জানান আইনজীবী।
এই সময়ই এজলাসে কেঁদে ফেলেন অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন প্রিয় পাত্রী 'লেডি সিংহম' স্বাতী। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, আমাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। আপের নেতারা এখন আমাকে বিজেপির এজেন্ট বলে প্রচার করতে চাইছে। সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ে আপের মেশিনারি অনেক জোরাল। যদি বিভব কুমার জামিন পায়, তাহলে আমার ও আমার পরিবারের উপর খুন হয়ে যাওয়ার মতো বিপদও আসতে পারে। প্রথমে রায়দান স্থগিত রাখলেও এদিন বিকেলে অতিরিক্ত দায়রা বিচারক সুশীল অনুজ ত্যাগী বিভবের জামিনের আবেদন নাকচ করে দেন।
কেজরিওয়ালকে নিশানা করে স্বাতী আরও বলেন, এই অভিযুক্তকে নিয়েই ঘোরাফেরা করেছেন মুখ্যমন্ত্রী। একে নিয়ে লখনউ ছাড়াও অন্য জায়গাতেও গিয়েছেন। দলের সব নেতাকে আমার বিরুদ্ধে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই লোকটা কোনও সাধারণ মানুষ নয়। একজন মন্ত্রীও যে যে সুবিধা পান না, কেজরির অত্যন্ত নেকনজরে থাকা বিভব কুমার সেই সমস্ত সুবিধা ভোগ করেন। ফলে ও যদি জামিন পায়, তাহলে আমার এবং আমার পরিবারের জীবন বিপদের মুখে পড়বে, কাঁদতে কাঁদতে বলেন মালিওয়াল।