
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 20 September 2024 14:11
দ্য ওয়াল ব্যুরো: হ্যাক হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেই যাবতীয় মামলার শুনানি, রায়দান সরাসরি দেখানো হয়। শুক্রবার সকাল থেকে সেই চ্যানেলে যাবতীয় ভিডিওর বদলে ক্রিপটোকারেন্সির ভিডিও দেখা যাচ্ছে।
সুপ্রিম কোর্টের চলতে থাকা শুনানি, জনস্বার্থ মামলা, রায়দান সরাসরি দেখানো হয় এই চ্যানেলে। দেখানো হয়েছিল আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার শুনানিও।
সেই ভিডিও-ও উধাও হয়ে গিয়েছে চ্যানেল থেকে। জানা যাচ্ছে হ্যাকাররা সব ভিডিও প্রাইভেট করে রেখেছে।
কিছুদিন আগেই আরজি কর মামলার লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। সেই আবহের মধ্যেই এবার হ্যাকারদের কবলে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল। সাইবার নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। মনে করা হচ্ছে নিশ্চয়ই কোনও গলদ আছে, তাই এমন ঘটেছে।
আরজি কর মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আইনজীবী সিবাল বলেছিলেন, আরজি করের শুনানির সম্প্রচার যেন বন্ধ রাখা হয়।
কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছিলেন, আদালতের ভেতর যা ঘটছে, বাইরে তাই অন্য ভাবে প্রচার হচ্ছে। অভিযোগ করেন, মামলার সঙ্গে যুক্ত মহিলা আইনজীবীরা হুমকি পাচ্ছেন। যদিও এই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট।