
শেষ আপডেট: 15 February 2024 10:47
দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক দলগুলির আয়ের অন্যতম উৎস ইলেক্টোরাল বন্ড কি বৈধ? দীর্ঘ শুনানির বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত যে রায়ই দিক, লোকসভা ভোটের আগে তা বিশেষ তাৎপর্য বহন করবে বলেই ওয়াকিবহাল মহল মনে করছে। মামলাটি নিয়ে ইতিপূর্বে মামলাকারীরা দীর্ঘসূত্রিতার অভিযোগ তোলেন। অবশেষে বৃহস্পতিবার রায় ঘোষণা হতে চলেছে যখন ২০২৪-এর লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
মামলায় দুটি বিষয়ে সর্বোচ্চ আদালতকে বিবেচনার আর্জি জানানো হয়েছে। এক. নির্বাচনী তহবিল নিয়ে সরকারকে আইন করার নির্দেশ দেওয়া হোক। দুই. রাজনৈতিক দলগুলির তহবিলে জমা হওয়া অর্থের উৎসব জনগণের জানার অধিকার নিশ্চিত করুক।
২০১৮ সালে নরেন্দ্র মোদী সরকারের চালু করা এই বন্ড নিয়ে গোড়া থেকেই আপত্তি ওঠে। এখনও পর্যন্ত বিজেপি এই বন্ডের মাধ্যমে সবচেয়ে উপকৃত হয়েছে। জমা হওয়া অর্থের অর্ধেকের বেশি জমা হয়েছে পদ্ম শিবিরের তহবিলে। দলের দেওয়া হিসাব অনুযায়ী গত অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে প্রায় ১১০০ কোটি কোটি টাকা খরচ করেছে। ওই অর্থ তারা ইলেক্টোরাল বন্ড থেকে পেয়েছিল।
কিন্তু কারা এই বিপুল অর্থ পদ্ম শিবিরকে জুগিয়েছে তা জানার কোনও উপায় নেই। বিরোধী দলগুলির অভিযোগ, ইলেক্টোরাল বন্ড হল দুর্নীতিকে আইনি মোড়ক দেওয়ার ব্যবস্থা। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের দ্বারা উপকৃত কর্পোরেট জগৎ এই অর্থ জোগাচ্ছে।