.jpeg)
সুপ্রিম কোর্ট।
শেষ আপডেট: 13 December 2024 13:52
দ্য ওয়াল ব্যুরো: মসজিদে ঢুকে মুসলিম সম্প্রদায়ের লোকজনকে হুমকি এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল দুই ব্যক্তির বিরুদ্ধে।
কর্ণাটকের ওই ঘটনায় অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছিল পুলিশ। হাইকোর্ট ওই মামলা খারিজ করে দেওয়ায়
রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অপর পক্ষ। ওই মামলায় ইতিমধ্যে সওয়াল পর্ব শেষ হয়েছে। আদালত সূত্রের খবর, আগামী সোমবার চূড়ান্ত রায়দান করতে পারে শীর্ষ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে কর্ণাটকের দক্ষিণ কন্নড়ের বদ্রিয়া জুমা মসজিদের ঘটনা। অভিযোগ, দু'জন ব্যক্তি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে 'জয় শ্রী রাম' স্লোগান দিয়েছিল, এবং মুসলিম সম্প্রদায়ের সদস্যদের হুমকি দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল।
ওই ঘটনায় সিসিটিভি খতিয়ে দেখার পর অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭, ২৯৫এ, ৫০৫ এবং ৫০৬ ধারায় অপরাধমূলক অনুপ্রবেশ, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে অবমাননা, ভয় দেখানোর মতো অভিযোগ দায়ের করে।
মামলাটি কর্ণাটক হাইকোর্টে উঠলে আদালত অবশ্য পুলিশের দায়ের করা এফআইআর বাতিল করে এবং পুলিশের তদন্তেও স্থগিতাদেশ জারি করে। আদালতের পর্যবেক্ষণ, জয় শ্রীরাম স্লোগানে ধর্মকে আঘাত করা বা হুমকির অভিযোগের কোনও সারবত্তা নেই।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। তাঁদের আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয়, অভিযুক্তরা মসজিদ প্রাঙ্গণে ঢোকার পরে এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার পরে 'জয় শ্রী রাম' স্লোগানটি ইচ্ছাকৃতভাবে উচ্চারণ করেছিল। ফলে এক্ষেত্রে স্লোগানটিকে হুমকি হিসেবে বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ করা হোক। আগামী সোমবার এ ব্যাপারে চূড়ান্ত রায়দান করবে আদালত।