আধার কার্ড থাকলেই কি কেউ ভারতের ভোটার হতে পারেন? বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 27 November 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী তালিকা (Voter List) সংশোধন নিয়ে একাধিক মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আধার (Aadhaar) কার্ড থাকা মাত্রেই কোনও ব্যক্তি ভোটার (Voter) হয়ে যেতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানায়, আধার মূলত সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তৈরি একটি নথি, এটি নাগরিকত্ব (Citizenship) প্রমাণের দলিল নয়। ফলে শুধুমাত্র আধার থাকলেই ভোটাধিকার (Right to Vote) পাওয়া উচিত কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
আধার থাকলেই কি ভোটাধিকার?
প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এদিন বলে, “আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এটা শুধু সুবিধা পাওয়ার জন্য এক ধরনের পরিচয়পত্র। তাহলে কি একজন শ্রমিক, যিনি হয়তো প্রতিবেশী দেশের নাগরিক হয়েও এখানে কাজ করেন, তাঁকে আধার থাকার জন্য ভোটার করে দেওয়া উচিত?”
আদালত জানায়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম ৬ (Form 6) জমা দিলে তাতে দেওয়া নথিগুলির সঠিকতা যাচাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের (Election Commission) উপরই বর্তায়। কমিশন কোনও ‘পোস্ট অফিস’ নয়, নথি খতিয়ে দেখা তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে।
বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আপত্তি
বর্তমানে তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে। এই প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা নিয়েই চলে শুনানি। আদালত নির্বাচন কমিশনকে ১ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে। এরপর আবেদনকারীদের জবাবের ভিত্তিতে মূল শুনানি শুরু হবে।
আবেদনকারীদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল (Kapil Sibal) বলেন, SIR সাধারণ ভোটারদের কাঁধে অযৌক্তিক বোঝা চাপাচ্ছে। অনেক ভোটারই নিরক্ষর, ফর্ম কীভাবে পূরণ করতে হয় তা জানেন না। এই পরিস্থিতিতে তাঁদের নাম বাদ যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তাঁর যুক্তি, একবার নাম ভোটার তালিকায় ঢুকে গেলে তা বৈধ হিসেবেই গণ্য হয়, তা বাদ দিতে হলে যুক্তিসঙ্গত ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করতেই হবে।
সিব্বল আরও বলেন, 'আধার নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ না হলেও এর উপস্থিতি মানুষের পক্ষেই যুক্তির প্রিসাম্পসন তৈরি করে। আমার আধার আছে মানে আমি এই জায়গার বাসিন্দা। আপনি সেটা খারিজ করতে চাইলে আইনসিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে খারিজ করুন।'
মৃত ভোটার শনাক্তের প্রয়োজনীয়তা
বিচারপতি বাগচী এদিন মন্তব্য করেন, 'বাস্তবে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। পঞ্চায়েত অফিস এবং সরকারি ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেই সংশোধন করা হচ্ছে,' তাই বিচার করার উপযুক্ত তথ্য আদালতের সামনে রয়েছে বলেই জানান তিনি।
আজও এই মামলার শুনানি চলবে।