
শেষ আপডেট: 12 February 2025 17:59
দ্য ওয়াল ব্যুরো: নগদ টাকা দেওয়ার সরকারি প্রকল্পগুলি নিয়ে ফের মুখ খুলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কথায়, এই ধরনের প্রকল্প ভয়ঙ্কর। মানুষ ঘরে বসে বিনা পরিশ্রমে নগদ টাকা পেয়ে গেলে অকম্মা হয়ে যাবে।
বিচারপতি বিআর গাভায় ও বিচারপতি এজি মাসিহর বেঞ্চ বুধবার বলেছে, মানুষ কিন্তু কাজ করতে চায়। তারা ঘরে বসে খেতে চায় না। কিন্তু দেশে পর্যাপ্ত কাজ নেই। তাই গ্রামের মানুষ কাজের সন্ধানে শহরে আসতে বাধ্য হন।
মহিলা এবং নারী-পুরুষ নির্বিশেষে বেকারদের ভাতা দেওয়ার স্কিম কম-বেশি সব রাজ্যেই চালু হয়েছে। মধ্যপ্রদেশে লাডলি বহনা স্কিম চালু করে বাজিমাত করেছে বিজেপি সরকার। মধ্যপ্রদেশের দেখাদেখি মহারাষ্ট্রের সদ্য অনুষ্ঠিত বিধানসভা ভোটের আগে সেখানকার বিজেপি জোট সরকার মুখ্যমন্ত্রী লাডলি বহেনা স্কিম চালু করে মহিলাদের ভোট টানতে সক্ষম হয়। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারের আদলে কর্নাটক সরকার ভাগ্যলক্ষ্মী স্কিম চালু করে মাস শেষে মহিলাদের নগদ টাকা দিচ্ছে।
এই জাতীয় স্কিমের বিরুদ্ধে আগেও সরব হয় দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদী এইভাবে টাকা বিলনোর বিরোধী। প্রধানমন্ত্রী নিজেও 'রেউড়ি কালচারের' বিরুদ্ধে মুখ খোলেন। রেউড়ি হল উত্তর ভারতের এক ধরনের মিষ্টি যা দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়। ঢালাও সরকারি সুবিধা দেওয়াকে ওই মিষ্টির বিলির সঙ্গে তুলনা টানেন প্রধানমন্ত্রী।
যদিও বিজেপি শাসিত রাজ্য সরকারগুলিও একই পথে হেঁটেছে। সেখানে প্রধানমন্ত্রী কখনও আপত্তি করেছেন বলে জানা যায়নি।
বিচারপতি গাভাই বলেন, আমি কৃষক পরিবারের সদস্য। আমি শুনেছি, মহারাষ্ট্রে ভোটের পর সেখানে কৃষি মজুর পাওয়া যাচ্ছে না। তাঁর প্রশ্ন, মানুষ ঘরে বসে নগদ টাকা, বিনা পয়সায় রেশন পেয়ে গেলে কেন কাজ করবে!