
ফাইল ছবি
শেষ আপডেট: 17 April 2025 08:05
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট (Supreme Court) এসএসসি মামলায় (SSC Case) ২৬ হাজার চাকরি বাতিলই করেছে। এই রায়ের ফলে রাজ্যের শিক্ষাব্যবস্থায় যে বিরাট প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য। তাই আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সুপ্রিম কোর্টে বিশেষ আর্জি জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তাঁদের সেই আবেদন আজ অর্থাৎ বৃহস্পতিবার শুনতে পারে সুপ্রিম কোর্ট।
পর্ষদের আর্জি, যাঁরা 'টেন্টেড' বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখেই এই আবেদন করেছেন তাঁরা। শীর্ষ আদালত তাঁদের এই মামলাটি আজকের শুনানির তালিকায় রেখেছে। সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনটি বৃহস্পতিবার শুনানির জন্য রয়েছে ৩৫ নম্বরে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চেই তার শুনানি হতে পারে।
দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। কিন্তু এঁদের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ রয়েছেন অনেকে। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে। এই জায়গা থেকেই পর্ষদ আর্জি করেছে যে, 'চিহ্নিত অযোগ্য' ছাড়া বাকিদের চাকরি যাতে বহাল রাখা যায়। তাঁদের যুক্তি, এমনটা না হলে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না। এখন দেশের সর্বোচ্চ আদালত এই আর্জির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, তার জন্য অপেক্ষা করতেই হবে।
সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারারা কার্যত পথে নেমে আন্দোলন শুরু করেছেন। 'যোগ্যরা' বলছেন, তাঁরা আদতে দুর্নীতির শিকার হয়েছেন কিছু না করেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাকরিহারাদের পাশে থাকবে রাজ্য সরকার। পরবর্তী পদক্ষেপ হিসেবে যা করার তা করা হবে। এদিকে চাকরি ফেরানোর দাবিতে বুধবার থেকে চাকরিহারাদের একাংশ দিল্লিতে গিয়ে ধর্নাও শুরু করেছে। এই অবস্থায় সকলেরই চোখ সুপ্রিম কোর্টের দিকে।