
শেষ আপডেট: 18 March 2024 10:57
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালেই 'বহুচর্চিত' নির্বাচনী বন্ড নিয়ে ফের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বন্ডের ইউনিক নম্বর প্রকাশ্যে আনতে হবে কিনা তা নিয়ে এদিন শুনানি হবে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জেবি পরদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ সিদ্ধান্ত নেবে এ বিষয়ে। নির্বাচনী বন্ডের মুখ্য রহস্য ইউনিক নম্বরের মধ্যেই নিহিত আছে। তা প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে পাঁচ সদস্যে সাংবিধানিক বেঞ্চ।
গত শুক্রবার নির্বাচনী বন্ডের তথ্য কমিশনকে দিলেও ইউনিক আলফানিউমেরিক নম্বর না দেওয়ায় সুপ্রিম কোর্ট উষ্মাপ্রকাশ করেছিল। যা না পেলে বন্ডের দাতা এবং গ্রহীতা রাজনৈতিক দলের নাম একসঙ্গে জানা যায় না। এর পরিপ্রেক্ষিতে বেঞ্চ এসবিআইকে নোটিস দিয়ে এদিন শুনানির দিন ধার্য করে।
অন্যদিকে, ভারতের নির্বাচন কমিশন রবিবার তাদের ওয়েবসাইটে রাজনৈতিক দলগুলির গৃহীত অনুদান বিস্তারিতে প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্ট কমিশনকেও এই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিল। এর মধ্যেই 'সিটিজেনস রাইটস ট্রাস্ট'এর পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে। তাতে এসবিআই এবং ইসিআইকে নির্বাচনী বন্ড সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশের আর্জি জানানো হয়েছে।