ফাইল ছবি
শেষ আপডেট: 20 January 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনি বলার অভিযোগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হয়েছিল মানহানির মামলা। সোমবার সেই মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই দিল্লি ভোটের আগে লোকসভার বিরোধী দলনেতার কাছে এই রায় যথেষ্ট স্বস্তির তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। পাশাপাশি ঝাড়খণ্ড সরকার ও অভিযোগকারী বিজেপি নেতা নবীন ঝাকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নোটিসও পাঠিয়েছে দেশের শীর্ষ আদালত। ছয় সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হবে।
এদিন আদালতে রাহুল গান্ধীর আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, যার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে তিনিই মানহানির মামলা দায়ের করতে পারেন, অন্য কেউ নয়। এটা হেনস্থা ছাড়া আর কিছুই নয়।
২০১৯ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনি বলে আক্রমণ করতেই রাহুলের বিরুদ্ধে দায়ের হয় মানহানির মামলা। ঝাড়খণ্ডের বিজেপি নেতা নবীন ঝা মামলা দায়ের করেন। এরপরই মানহানির মামলা খারিজ করার আবেদন জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী।
কিন্তু রাহুল গান্ধীর আবেদন খারিজ করে মানহানির মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্ট। অবশেষে সেই মামলায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।