
শেষ আপডেট: 27 February 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে আদালত অবমাননার নোটিস দিল সুপ্রিম কোর্ট। পতঞ্জলির বিজ্ঞাপনে বিভ্রান্তিমূলক প্রচারের জন্য এর আগেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। পতঞ্জলি গোষ্ঠী তা অমান্য করায় মঙ্গলবার আদালত অবমাননার নোটিস দেয় তাদের।
একইসঙ্গে সর্বোচ্চ আদালত পতঞ্জলিকে তাদের ওষুধ সামগ্রীর বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন ওই ধরনের বিজ্ঞাপন বন্ধ রাখে তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে অ্যালোপ্যাথি সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে পতঞ্জলির বিরুদ্ধে আর্জি জানায় দেশের শীর্ষ আদালতে।
এদিন শুনানিতে বিচারপতি আমানুল্লা বলেন, ভুল বা বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন মেনে নেওয়া হবে না। আইএমএ-র আইনজীবী পিএস পাটোয়ালিয়া আদালতে বলেন, পতঞ্জলির বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, যোগের সাহায্য ডায়াবেটিস এবং হাঁপানির মতো রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব।
গতবছর নভেম্বরে কোভিড ১৯-এর ভ্যাকসিন নিয়েও এই সংস্থা ভুল প্রচার চালিয়েছিল। তার ভিত্তিতে বিচারপতি আশাউদ্দিন আমানুল্লা এবং প্রশান্ত কুমার কেন্দ্রকে এ ধরনের বিজ্ঞাপন নিয়ে পদক্ষেপের কথা বলেছিল। আদালত তখনই বলে যে, পতঞ্জলির সমস্ত মিথ্যা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন এই মুহূর্তে বন্ধ করতে হবে। এর জন্য প্রতিটি সামগ্রীর জন্য ১ কোটি টাকা করে জরিমানা করা হতে পারে। কারণ বিজ্ঞাপনে কোনও অসুখ এই সংস্থার আয়ুর্বেদিক ওষুধ সম্পূর্ণ নিরাময় করতে পারে দাবি করে পতঞ্জলি।
আইএমএ-র অভিযোগ অনুযায়ী, রামদেব অ্যালোপ্যাথি চিকিৎসা এবং ওষুধের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্রমাগত প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। মিথ্যা প্রচার করেছেন। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৫ মার্চ।