সুপ্রিম কোর্টের ওষুধ-নির্দেশ।
শেষ আপডেট: 2 May 2025 07:32
দ্য ওয়াল ব্যুরো: দেশের চিকিৎসা খাতে ওষুধ কোম্পানিগুলোর বেআইনি ব্যবসা বন্ধে বড়সড় নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। কোনও ব্র্যান্ডেড ওষুধ নয়, চিকিৎসকদের শুধুই জেনেরিক ওষুধ লিখতে হবে প্রেসক্রিপশনে—এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। রাজস্থানে এই নিয়ম ইতিমধ্যেই চালু হয়েছে। সেই নির্দেশকে দেশব্যাপী কার্যকর করার আহ্বান জানাল আদালত।
এই রায়ে নেতৃত্বে ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা। তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করোল। বিচারপতি মেহতা বলেন, 'এই নির্দেশ যদি গোটা দেশে কার্যকর হয়, তবে তা বিশাল পরিবর্তন এনে দেবে।'
আদালতে জমা পড়া একটি আবেদনে দাবি করা হয়েছিল, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি চিকিৎসকদের মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে, যাতে তাঁরা দামি ও ব্র্যান্ডেড ওষুধ প্রেসক্রাইব করেন। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, অনেক সময় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার প্রবণতাও বাড়ছে, যার ফলে রোগীদের মধ্যে ওষুধ নির্ভরতা তৈরি হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
আবেদনকারীরা আরও বলেন, চিকিৎসকদের দেওয়া উপহার বা ‘ফ্রি উপহার’ বন্ধ হওয়া উচিত এবং এইসব অনৈতিক কাজের জন্য ওষুধ কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হবে।
এর আগের এক শুনানিতে Federation of Medical and Sales Representatives Association of India (FMRAI)-এর পক্ষ থেকে আইনজীবী আদালতকে জানান, ডোলো ৬৫০ ওষুধ নির্মাতা সংস্থা শুধু চিকিৎসকদের উপহার দিতে খরচ করেছে ১,০০০ কোটি টাকা! এই তথ্য Central Board of Direct Taxes (CBDT)-এর একটি প্রেস বিবৃতির উদ্ধৃতিতে তুলে ধরা হয়।
এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট মন্তব্য করে, যদি চিকিৎসকদের জন্য বাধ্যতামূলক করা হয় কেবলমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করার বিধান, তবে এই সমস্যা অনেকটাই মিটে যাবে।
আদালতের ভাষায়, 'এটি আপনার আবেদনকারীর আর্জির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। রাজস্থানে ইতিমধ্যেই নির্দেশ জারি হয়েছে যে প্রতিটি চিকিৎসককে জেনেরিক ওষুধই লিখতে হবে। কোনও কোম্পানির নাম লেখা যাবে না। এভাবে বিষয়টির সমাধান হতে পারে।'
এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের ওষুধ খাতে বড় পরিবর্তন আসবে বলে মত বিচারপতিদের। সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমবে, ওষুধের অপব্যবহার রোখা যাবে এবং চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলেই মনে করছে আদালত।