
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 16 December 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো: দেশের তরুণ প্রজন্মের অধিকাংশের মধ্যেই এখন মাদক সেবনের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বর্তমান যুব সমাজ ড্রাগ নেওয়াকে 'কুল' বলে মনে করছে। কিন্তু বিষয়টি যে একদমই এমন নয়, তা স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।
অঙ্কুশ বিপন কাপুর নামে এক যুবকের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছিল। তার তদন্ত করছিল এনআইএ। গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে উঠে আসে, ওই যুবক আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত! সেই মামলা সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট দেশের যুব সমাজকে কড়া বার্তা দিয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচারপতি এন কোটিশ্বরের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই তাঁদের বক্তব্য, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে দেশের যুব সমাজের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে। তাঁদের আর্থ-সামাজিক এবং মানসিক পরিস্থিতি খারাপ থেকে খারাপতম হচ্ছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দেশের তরুণ সমাজ মনে করছে, ড্রাগ নেওয়া এখন খুব 'কুল' বিষয়। কিন্তু তেমন কোনও ব্যাপার নয়।
এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এনএএলএসএ-কে নির্দেশ দিয়েছে এই বিষয়ে একটি গাইডলাইন তৈরি করতে। পাশাপাশি মাদকাসক্তদের পরিবার, বিভিন্ন এনজিও যারা এদের নিয়ে কাজ করে, তাঁদের একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শও দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু তরুণ প্রজন্ম এভাবে মাদকের দিকে ঝুঁকছে কেন? এই প্রশ্নের উত্তরও খোঁজার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট।
বিচারপতিদের পর্যবেক্ষণ, সাম্প্রতিক সময়ে কাজের জায়গায় সহকর্মীদের চাপ থেকে শুরু করে পড়াশোনার চাপ, সবই বেশি। অনেকেই সেই চাপ নিতে না পেরে ড্রাগের নেশার দিকে ঝুঁকছেন। এক্ষেত্রে পরিবারের ভূমিকাও অনেকাংশে ঠিক থাকে না বলেও মনে করছেন অনেকেই। তাই কোনও ব্যক্তি মাদকাসক্ত হলে তাঁকে এড়িয়ে না গিয়ে সাহায্য করার কথাই বলেছে শীর্ষ আদালত।