.webp)
বাবা রামদেব
শেষ আপডেট: 16 April 2024 15:00
দ্য ওয়াল ব্যুরো: 'আপনি এমন কিছু ভোলাভালা নন যে, আদালতে কী ঘটছে সে সম্পর্কে কিছুই টের পাচ্ছেন না!' মঙ্গলবার যোগগুরু বাবা রামদেবকে ঠিক এই ভাষাতেই ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। এরপর আদালত থেকে বেরিয়ে রামদেব সাংবাদিকদের বলেন, আমার যা বলার ছিল, বলেছি। বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে।
মঙ্গলবার রামদেব এবং পতঞ্জলির ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে সশরীরে হাজিরা দিতে হয়। কোভিড নিরাময় এবং অন্যান্য রোগব্যাধি সারাতে পতঞ্জলির আয়ুর্বেদ চিকিৎসা সম্পূর্ণ বিশ্বস্ত ও পরিপূর্ণ নির্মূল করে বলে বিজ্ঞাপনে দাবি করেছিল এই সংস্থা। তা নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি আবদনে সাড়া দিয়ে আদালত দুজনকে একাধিকবার তলব করলেও তাঁরা হাজিরা দেননি। তখন আদালত অবমাননার মামলা হয় রামদেব এবং বালকৃষ্ণর বিরুদ্ধে।
এদিন সকালে বিচারপতি হিমা কোহলি এবং এ আমানুল্লার বেঞ্চ দুজনকে প্রথমে যোগসাধনায় অসামান্য অবদানের প্রশংসা করে। বেঞ্চ বলে, আপনারা যোগসাধনার জন্য যা করেছেন, তাকে আমরা শ্রদ্ধা করি। জবাবে রামদেব প্রকাশ্যে ক্ষমা চাইতে প্রস্তুত বলে জানান। সুপ্রিম কোর্টের সম্মানকে অপমান করার কোনও ইচ্ছে তাঁদের ছিল না, নেইও।
আদালত তখন তাঁদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। আয়ুর্বেদকে তুলে ধরতে অন্য চিকিৎসাকে কেন হেয় করা হয়েছে, তা জানতে চায়। বিচারপতি আমানুল্লা বলেন, সকলের জন্য আইন সমান। রামদেব উত্তর দেন, ভবিষ্যতে এরকম কাজ আর হবে না।
আদালতের বক্তব্য, আগে যা যা ঘটেছে তা তাঁরা বিচার করে দেখবেন। বেঞ্চের কথায়, আপনাকে ক্ষমা করা উচিত হবে কিনা তা এখনও আমরা ঠিক করিনি। আপনি তিনবার আমাদের নির্দেশ অমান্য করেছেন। আগের নির্দেশগুলি আমরা ফের খতিয়ে দেখব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৩ এপ্রিল।