
কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 6 May 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা, ভারতে যা কোভিশিল্ড নামে বানিয়েছিল সিরাম ইন্সটিটিউট, সেই টিকার ডোজে বিরল রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই খবর প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে শোরগোল। ভারতের বেশিরভাগ মানুষই কোভিড টিকা হিসেবে কোভিশিল্ড নিয়েছিলেন। তাই তার পার্শ্বপ্রতিক্রিয়ায় কী ধরনের ক্ষতি হতে পারে তা জানতে উদ্গ্রীব সকলেই। সুপ্রিম কোর্টে বিশেষ আর্জি জানানো হয়েছিল এই বিষয়ে। সেই আর্জি মানল শীর্ষ আদালত।
বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা করেছিলেন। তাঁর আর্জি ছিল, চিকিৎসকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলি নিয়ে মূল্যায়ন করা হোক। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে তাঁরা এই সংক্রান্ত মামলা শুনতে রাজি।
এখনও পর্যন্ত কবে এই মামলার শুনানি হবে তা বলা না হলেও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মামলা শুনতে আগ্রহী হয়েছেন। যদিও জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
মামলাকারীর এও দাবি ছিল, যারা এই ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এমন নির্দেশ যেন সুপ্রিম কোর্ট দেয়। এখন এটাই দেখার শীর্ষ আদালত এই মামলার শুনানিতে কী নির্দেশ দেয়।
একাধিক অভিযোগ এবং মামলার পর অ্যাস্ট্রাজেনেকা যে বিষয়টি স্বীকার করেছে তা হল, এই টিকা যাঁরা নিয়েছেন তাঁদের মধ্যে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিতে পারে। আগেও ভ্যাকসিন নেওয়ার পর যে উপসর্গগুলো দেখা দিয়েছে তার নাম চিকিৎসার ভাষায় থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (TTS)। এমনকী রক্তে প্লেটলেট বা অনুচক্রিকাও কমতে দেখা গিয়েছে।