
ফাইল ছবি
শেষ আপডেট: 20 November 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: বিদেশে থাকলেও ভারতীয় মূল্যবোধ একেবারেই ভুলে যাননি। সে কারণেই জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি সুধা মূর্তি। জামাই যে-সে কেউ নন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর মূল্যবোধ ও রুচির প্রশংসা করেন রাজ্যসভার সাংসদ।
লন্ডনে ভারতীয় বিদ্যা ভবনের বার্ষিক দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধা মূর্তি। হাজির ছিলেন মেয়ে অক্ষতা ও জামাই ঋষি ও তাঁর পরিবার। সেখানেই ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী জানান, আমি বেয়ান ঊষাজিকে শুভেচ্ছা জানাতে চাই। তিনি তাঁর ছেলে ঋষি সুনাককে কখনওই নিজের সংস্কৃতিকে ভুলে যেতে দেননি।
এরপরই জামাইয়ের ভূয়সী প্রশংসা করে সুধা বলেন বলেন, আমি বিশ্বাস করি যখন কেউ বিদেশে থাকেন, তাঁর বাবা-মার অবশ্যই দুটি বিষয় মেনে চলা উচিত। প্রথমটি অবশ্যই সুশিক্ষা, অপরটি হল সংস্কৃতি।
এরপরই লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত ব্রিটিশ ভারতীয় সম্প্রদায়ের কাছে তাঁর আর্জি জানান, 'ভারতীয় সংস্কৃতি বোঝার জন্য আপনাদের অবশ্যই আপনার সন্তানদের এখানে পাঠাতে হবে। কারণ ভারতীয় বিদ্যাভবন সেই জায়গা তৈরি করে দিয়েছে।'
জামাইয়ের সুখ্যাতি করলেও এদিন বাবা-মায়ের সন্তানদের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে সুধার পরামর্শ, 'বাচ্চাদের এমন শিক্ষায় শিক্ষিত করুন যাতে তারা বিদেশে নিজের দেশের সংস্কৃতি বজায় রাখতে পারে।'