
শেষ আপডেট: 30 March 2024 16:34
দ্য ওয়াল ব্যুরো: এখনও কলেজের পড়াশোনাও শেষ হয়নি, আয় তো দূরস্থ। এরই মধ্যে বাড়িতে এসে পৌঁছল আয়কর নোটিস! তাও আবার হাজার কিংবা লক্ষ টাকা নয়, এক্কেবারে ৪৬ কোটি টাকার আয়কর নোটিস পেলেন এক কলেজ পড়ুয়া।
কীভাবে এমনটা হতে পারে তা ভেবেই পাচ্ছিলেন না প্রমোদ কুমার দান্দোটিয়া নামের ওই যুবক। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা তিনি। পরে খোঁজখবর করে ওই পড়ুয়া জানতে পারেন, প্যান কার্ড জালিয়াতির শিকার হয়েছেন তিনি।
বিপুল টাকার আয়কর বিভাগের নোটিস পেয়েই পুলিশের দ্বারস্থ হন যুবক। পুলিশে যুবক জানিয়েছেন, তাঁর প্যান কার্ড অপব্যবহার করা হয়েছে। প্যান নম্বর ব্যবহার করেই তাঁর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে।
কলেজ পড়ুয়ার অভিযোগ, তাঁর প্যান কার্ড ব্যবহার করে একটি সংস্থা রেজিস্টার রয়েছে। ২০২১ সাল থেকে মুম্বই ও দিল্লিতে ব্যবস্থা চলছে। এই কারণেই তাঁর কাছে ৪৬ কোটি টাকার আয়কর নোটিস এসেছে। জালিয়াতির শিকার হয়ে হতবাক হয়ে গিয়েছেন বছর পঁচিশের প্রমোদ। তিনি বলেন, “আমি গোয়ালিয়রের একটি কলেজে পড়ি। আয়কর দফরের নোটিস দেখে আমি ভাবি এটা কী করে সম্ভব? কীভাবে আমার প্যান কার্ড ব্যবহার করতে পেরেছে জালিয়াতরা তাও আমি জানি না।”
একইসঙ্গে ঘটনাটিতে পুলিশি অসহযোগিতার অভিযোগও তুলেছেন প্রমোদ। তাঁর দাবি, আয়কর দফরের নোটিস পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। তাঁর কথায় কেউই সেসময় গুরুত্ব দেননি। অবশেষে শুক্রবার গোয়ালিয়রের অতিরিক্ত পুলিশ সুপার শিয়াজ কে এমের কাছে অভিযোগ জানান তিনি।
ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর প্যান কার্ড অপব্যবহার করা হয়েছে কিনা সেবিষয়ে সমস্ত নথি যাচাই করে দেখা হচ্ছে।