
রাহুল গান্ধী ও স্মৃতি ইরানি
শেষ আপডেট: 12 July 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের প্রচার চলছে। অমেঠিতে সেদিন প্রচারে গিয়েছিলেন স্মৃতি ইরানি। তাঁর বক্তৃতার সময়ে মাইক ঠিকমতো কাজ না করায় টিপ্পনি কেটে স্মৃতি বলেছিলেন, কে দিয়েছে এটা? ওঁর নামও কি রাহুল?
এহেন স্মৃতি অমেঠিতে হেরে যাওয়ার পর সোশাল মিডিয়ায় এখনও তাঁকে ট্রোল করছেন অনেকেই। কেউ কেউ কদর্য ভাষা প্রয়োগও করে ফেলছেন। শুক্রবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এ ব্যাপারে টুইট করে বলেন, “সবাইকে বলছি, স্মৃতি ইরানি সম্পর্কে নোংরা ও অপমানজনক ভাষার ব্যবহার বন্ধ করুন। কারও সম্পর্কেই খারাপ কথা বলবেন না”। রাহুলের কথায়, “কাউকে অপমান করা হল দুর্বলতার পরিচয়, দৃঢ়তার নয়। ”
Winning and losing happen in life.
— Rahul Gandhi (@RahulGandhi) July 12, 2024
I urge everyone to refrain from using derogatory language and being nasty towards Smt. Smriti Irani or any other leader for that matter.
Humiliating and insulting people is a sign of weakness, not strength.
২০১৯ সালের লোকসভা ভোটে এই অমেঠি লোকসভা আসনে রাহুলকে হারিয়েছিলেন স্মৃতি। তার পর থেকে তাঁর কথায়বার্তায় ও আচরণে এক প্রকার ঔদ্ধত্য ও অহঙ্কারের ছাপ পড়েছিল বলে অনেকে মনে করেন। তাঁদের মতে, রাহুল সম্পর্কে স্মৃতি অতীতে যে ধরনের সমালোচনা করেছেন, তাও কোথাও কোথাও রাজনৈতিক শিষ্টাচারের সীমা ছাড়িয়েছিল। তাই রাহুলের এই টুইট স্মৃতির জন্যও একটা সবক বটে।
অমেঠি লোকসভা আসনে এবার কংগ্রেস প্রার্থী করেছিল কিশোরী লাল শর্মাকে। কিশোরী লাল গত ত্রিশ বছর ধরে গান্ধী পরিবারের হয়ে অমেঠি-রায়বরেলী দেখভাল করেন। স্মৃতি ইরানিকে তিনি ১ লক্ষ ৬০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।
কংগ্রেস শুধু অমেঠি জেতেনি, পাশের আসন রায়বরেলীতে সাড়ে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন রাহুল। এবার লোকসভা ভোটে কেরলের ওয়ানাড থেকেও জিতেছেন রাহুল। তবে সেই আসনটি থেকে ইস্তফা দিয়ে শুধু রায়বরেলীর সাংসদ তিনি। সেই সঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা।
বিপরীতে স্মৃতির রাজনীতি দৃশ্যত কিছুটা বিপন্ন। কেউ কেউ মনে করেছিলেন, হেরে যাওয়ার পরেও স্মৃতিকে মন্ত্রী করা হবে। তার পর ৬ মাসের মধ্যে রাজ্যসভার কোনও আসন থেকে নির্বাচিত করা হবে। কিন্তু তা আপাতত হয়নি। উল্টে রোজই নানা কটাক্ষের মুখে পড়তে হচ্ছে স্মৃতিকে। এরই মধ্যে শুক্রবার টুইট করেছেন রাহুল।