
মিজোরামে পাথর খনিতে ধস - ফাইল ছবি
শেষ আপডেট: 28 May 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল'-এর তাণ্ডব শুধু যে বাংলার ক্ষতি করেছে এমনটা নয়। উত্তর-পূর্বের রাজ্য মিজোরামও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ের কারণে ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি হয়েছে মিজোরামে। তার জেরে এক পাথর খনিতে ধস নেমেছে। এই ঘটনায় ইতিমধ্যে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু শ্রমিক ধসের নিচে চাপা পড়েন আছেন বলে আশঙ্কা।
রাজ্যের আইজল জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে ঠিকই কিন্তু লাগাতার বৃষ্টি এবং ঝড়ের কারণে তাতে বাধা আসছে। খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ি থেকে শুরু করে ৬ নং জাতীয় সড়কে ধসের কারণে বাকি দেশের থেকে কার্যত বিছিন্ন হয়ে গেছে আইজল। তাছাড়া আরও একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধসের কারণে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৬টা নাগাদ আইজল জেলার দক্ষিণ প্রান্ত থেকে কিছুটা দূরে মেলথাম এবং লিমেনের মাঝে এই বিপর্যয় ঘটে। এখনও পর্যন্ত কয়েকজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও একাধিক শ্রমিক চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাই এও অনুমান যে মৃতের সংখ্যাও বাড়বে। জানা গেছে, যে ১০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৭ জন রাজ্যেরই বাসিন্দা, বাকি তিনজন ভিনরাজ্যের।
ঘূর্ণিঝড় 'রেমাল' এমনিতেই গোটা রাজ্যে তাণ্ডব চালিয়েছে। মিজোরামের সব স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সকলকে কাজ করতে হবে না। যারা আপৎকালীন কাজের সঙ্গে যুক্ত, তারাই কাজ করছেন।