
সদগুরু জাগ্গী বাসুদেব
শেষ আপডেট: 23 September 2024 20:24
দ্য ওয়াল ব্যুরো: “মন্দির ভক্তদের দিয়ে চালিত হওয়া দরকার, প্রশাসনকে দিয়ে নয়”। তিরুপতির মন্দিরে প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্কের মাঝেই এমন মন্তব্য করলেন ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জাগ্গী বাসুদেব।
তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানোর ঘটনাকে ন্যক্কারজনক কটাক্ষ করে সদগুরুর অভিযোগ, “একারণেই মন্দির শুধুমাত্র ভক্তদের দ্বারা চালিত হওয়া উচিত, প্রশাসনের দ্বারা নয়।” এক্স হ্যান্ডলে পোস্ট করে জাগ্গী বাসুদেব জানান, “মন্দিরের প্রসাদে পশুর চর্বি খাচ্ছেন ভক্তরা এটা ন্যক্কারজনক।”
সদগুরুর আরও অভিযোগ, “যেখানে কোনও ভক্তি নেই, সেখানে কোনও পবিত্রতাও নেই। কর্তৃপক্ষের উচিত হিন্দুপ্রাণ মানুষদের দিয়ে মন্দিরগুলি পরিচালনা করা হোক।”
শনিবারই প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণাম তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্কে নয়া মাত্রা যোগ করেছেন। তাঁর অভিযোগ, সনাতন ধর্মকে নিশানা করে ‘ভয়ঙ্কর চক্রান্তের’ ছক সাজানো হচ্ছে।
শুধু সদগুরুই নন, তিরুপতির লাড্ডু বিতর্কে সরব হয়েছেন 'দ্য আর্ট অফ লিভিং'-এর প্রতিষ্ঠাতা রবি শঙ্করও। তাঁর অভিযোগ, এটা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে বড়সড় আঘাত। এ জিনিস ক্ষমা করা যায় না। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের লোভ কতদূর পৌঁছতে পারে তা পরিষ্কার। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রবিশঙ্কর।
তিরুপতি মন্দিরের লাড্ডুতে গরু এবং শুয়োরের চর্বির উপস্থিতি পেতেই শুরু হয় গণ্ডগোল। ল্যাব রিপোর্টেও প্রমাণিত হয়েছে এ কথা। জানা গেছে, লাড্ডু তৈরির জন্য ব্যবহৃত ঘিয়েই আসল গন্ডগোল রয়েছে।