
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।
শেষ আপডেট: 29 June 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: অষ্টাদশ লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের শুরু থেকেই সরকার ও শক্তিশালী বিরোধী শিবিরের সংঘাত লেগেই রয়েছে। ডেপুটি স্পিকার, স্পিকার নির্বাচন ছাড়াও নিট নিয়ে খড়্গহস্ত হয়েছে। গত কিছুদিন ধরে নিট পরীক্ষার অনিয়ম নিয়ে দেশজুড়ে তোলপাড় চলার মধ্যে এই প্রথম কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিলোটিনে চাপালেন।
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজ্যসভার সদস্য সনিয়ার অভিযোগ, সংসদে সরকার-বিরোধী ঐকমত্যের মূল্যবোধ নিয়ে জ্ঞানগর্ভ কথা বলেন প্রধানমন্ত্রী। কিন্তু, আসলে উনি মনে মনে সংঘাতই চান। সর্বভারতীয় সংবাদপত্র 'দি হিন্দু'তে লেখা সম্পাদকীয়তে সনিয়া লিখেছেন, মোদী এখনও লোকসভা ভোটের ফল মেনে নিতে পারছেন না। কারণ, এনডিএ কোনওরকমে সরকার গঠনের পাদানিতে পা রাখতে পেরেছে।
শনিবার সকালে সনিয়ার লেখাটি তুলে ধরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে একটি এক্সবার্তা পোস্ট করেন। সনিয়া লিখেছেন, দীর্ঘদিনের রীতি অনুযায়ী লোকসভার ডেপুটি স্পিকার পদটি বিরোধীরা পেয়ে থাকে। এটা খুবই যুক্তিপূর্ণ অনুরোধ ছিল আমাদের। কিন্তু সরকার সেই দাবি খারিজ করে দিয়েছে। সপ্তদশ লোকসভা থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে কেউ নেই।
সনিয়ার কথায়, প্রথম এনডিএ সরকারের শরিক দল এডিএমকে-র এম থাম্বি দুরাইকে ডেপুটি স্পিকার করা হয়েছিল। কিন্তু, গত লোকসভায় কোনও ডেপুটি স্পিকার নির্বাচনই হয়নি। তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর জমানায় জরুরি অবস্থা নিয়ে সনিয়া বলেন, প্রধানমন্ত্রী মূল ইস্যুগুলি থেকে নজর ঘোরাতে এসব করছেন। আশ্চর্যজনকভাবে স্পিকার পদ, যাঁর কাজ নিরপেক্ষ দৃষ্টিতে সভা পরিচালনা করা, তিনিও জরুরি অবস্থা নিয়ে কথা বলছেন!
নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন, জানতে চান সনিয়া। এই কেলেঙ্কারিতে দেশের লক্ষ লক্ষ যুবার জীবন বরবাদ হয়ে যেতে বসেছে। যে ব্যক্তি প্রতিবছর ঘটা করে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান করেন, তিনি এরকম একটা মারাত্মক বিষয়ে মৌন কেন?
এছাড়াও সনিয়া দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে কেন প্রধানমন্ত্রী যাননি, তা নিয়েও কাঠগড়ায় তোলেন মোদীকে। তিনি লিখেছেন, মণিপুরে যখন শয়ে শয়ে লোক মারা গিয়েছেন কুকি-মেইতেই সংঘর্ষে, তখন গোষ্ঠী সম্প্রীতি বজায় রাখতে পার্বত্য রাজ্যে যাওয়া কি মোদীজির উচিত ছিল না! কিন্তু, এখনও পর্যন্ত তিনি উত্তর-পূর্বের এই রাজ্যে পা রাখেননি।