
শেষ আপডেট: 22 February 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে নতুন বাড়িতে থাকা শুরু করলেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। নতুন বাড়ির ঠিকানা তাঁর নির্বাচনী কেন্দ্র অমেঠির গৌরীগঞ্জ। সেখানে ১৫ হাজার বর্গ ফুট জমিতে তৈরি হয়েছে স্মৃতির নতুন বাড়ি।
বৃহস্পতিবার স্মৃতি ও তাঁর স্বামী জুবিন ইরানি গৃহ প্রবেশের মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেন। বাড়িটি গত বছরই তৈরি হয়ে গিয়েছিল। তখন এলাকাবাসীকে খিচড়ি খাওয়ান ইরানি দম্পতি।
বৃহস্পতিবার গৃহ প্রবেশের মধ্য দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তাঁর পাঁচ বছর আগে অমেঠিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
২০১৯-এর লোকসভা ভোটের প্রচারে স্মৃতি অমেঠির মানুষকে কথা দিয়েছিলেন, জিতলে সেখানেই থাকা শুরু করবেন। তারপর অবশ্য জমি কিনতেই দু বছর কেটে যায় তাঁর। আরও দু বছর লাগে বাড়ি বানাতে।
স্বভাবতই বিরোধী শিবির ছেড়ে কথা বলছে না। উদ্ধব ঠাকরের শিবসেনার নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদি প্রশ্ন তুলেছেন, এতদিন কী করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, মাস শেষে পরের লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। এখন মন্ত্রী গৃহ প্রবেশ করলেন।
২০১৯ -এ স্মৃতির কাছে হেরে যান টানা তিনবারের সাংসদ রাহুল গান্ধী। দুদিন আগেই রাহুল তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে অমেঠি অতিক্রম করেন। পুরনো নির্বাচন কেন্দ্রে বিপুল সাড়া পান কংগ্রেস নেতা। এলাকার মানুষ কংগ্রেস নেতাকে ফের অমেঠি থেকে প্রার্থী হতে অনুরোধ করেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, রাহুলের প্রতি অমেঠির মানুষের ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করবে দল। তারপরই স্মৃতি রীতিমত চ্যালেঞ্জ ঠুকে রাহুলের উদ্দশে বলেন, সাহস থাকে তো শুধু অমেঠি থেকে লড়াই করুন।