
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 26 April 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির বাজির আগুনে মণ্ডপ পুড়ে ৩ শিশুসহ জীবন্ত ভস্মীভূত হলেন ৬ জন। বিহারের দ্বারভাঙায় বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ জানিয়েছে, রাত সওয়া ১১টা নাগাদ আলিনগরের বাহেরা থানা এলাকার একটি বিয়েবাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সেই সময় বিয়েবাড়িতে আতসবাজি পোড়ানো হচ্ছিল। সন্দেহ যে, সেই বাজির আগুনেই মণ্ডপটি জ্বলে ওঠে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণ্ডপের ভিতরেও বাজি রাখা ছিল। ফলে আগুন ধরে যাওয়ার পর সেই বাজিগুলিও জ্বলে ওঠায় ভয়াবহতা মারাত্মক আকার নেয়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুনীল পাসোয়ান (২৬), লীলা দেবী (২৩), কাঞ্চন দেবী (২৬), সিদ্ধান্ত কুমার (৪), শশাঙ্ক কুমার (৩) এবং সাক্ষী কুমারী (৫)। আগুনে পুড়ে তিনটি গরুও মারা গিয়েছে।
দ্বারভাঙার জেলাশাসক জানিয়েছেন, এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক মৃতদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছে। জেলার পুলিশ সুপার জানান, আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে দমকল পৌঁছে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও ৬ জন দগ্ধ হয়ে সেখানেই মারা যায়। তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।