
শেষ আপডেট: 21 November 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: কখনও দেনাপাওনা নিয়ে বরপক্ষের অসন্তোষ, আবার কখনও বিয়ের আসরে বর-কনের বচসা। আজকাল বিয়ে নিয়ে নানান ‘আজব’ খবরই সামনে আসে। আর এবার বিয়েবাড়িতে মিষ্টি নিয়ে হল তুমুল মারপিট। রসগোল্লা কম দেওয়াতেই বেজায় চটে যায় অতিথিরা। এমনকী হাতাহাতিতে গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ছয়জন। হাতপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার শামসাবাদ থানা এলাকার। রবিবার রাত ১২ টার পর সেখানে একটি বিয়েবাড়িতে গোলমাল হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিয়ে বাড়িতে রসগোল্লা কম থাকায় শেষের দিকে অনেক অতিথি তা পাননি। সেই নিয়েই বচসার সূত্রপাত। প্রাথমিকভাবে তর্ক-বিতর্ক থেকে খানিকক্ষণের মধ্যেই একে অপরের উপর অতিথিরা চড়াও হন। পরিস্থিতি সামলাতে না পেরে খবর দেওয়া হয় পুলিশে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের দিকে বিয়েবাড়িতে খেতে বসে এক অতিথি প্রশ্ন তোলেন, ‘রসগোল্লা এত কম কেন?’ তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা হয়। সামান্য কথা কাটাকাটি থেকে একসময় মারপিটের পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষের মোট ছ’জন আহত হয়েছেন। আহতরা হলেন ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাস, ধর্মেন্দ্র এবং পবন। তাঁরা বর এবং কনের পরিবারেরই সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এলে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) অনিল শর্মা জানিয়েছেন, “রবিবার রাতে ওই বিয়েবাড়ির অনুষ্ঠানে গোলমাল শুরু হয়। অতিথিদের মধ্যে কেউ রসগোল্লা খেতে চেয়েছিলেন। কিন্তু রসগোল্লা ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। তাই নিয়েই ঝামেলা শুরু হয়।” কারা, কাদের উপর আক্রমণ করলেন, মিষ্টি নিয়ে কীভাবে মারপিট শুরু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিয়েবাড়িতে উপস্থিত সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।