
প্রতীকী ছবি
শেষ আপডেট: 11 May 2025 08:27
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) ঘোষণা হওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায় উপত্যকায়। পাকিস্তানের ড্রোন হামলা এবং বিস্ফোরণের পাল্টা জবাবও দেয় ভারত। তবে তার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীনগর (Srinagar), অখনুর (Akhnoor), রাজৌরি (Rajouri) বা পুঞ্চে (Poonch) নতুন করে কোনও ঝামেলার কথা সামনে আসেনি। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক।
যদিও, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে, অমৃতসরে রেড অ্যালার্ট জারি করে, আমজনতাকে বাড়ির ভিতরে এবং জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, "আমরা আপনাদের সুবিধার্থে নতুন করে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি ঠিকই, তবে এখনও রেড অ্যালার্ট রয়েছে। কাজেই সাইরেন বাজবে। দয়া করে আপনারা ঘর থেকে বেরোবেন না; ঘরের জানলা থেকে দূরে থাকুন। সবুজ সংকেত পেলে জানিয়ে দেওয়া হবে। দয়া করে আতঙ্কিত হবেন না।"
গত ৭ মে বুধবার ভোর রাতে পহেলগাম হত্যাকাণ্ডের (Pahalgam Attack) জবাব দিয়েছিল ভারত। পাকিস্তানের সীমান্তের মধ্যে না ঢুকে নিঁখুত নিশানায় গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি। তার পর থেকে হামলা ও পাল্টা হামলা এবং সীমান্তে রক্তক্ষয়ের পর শেষমেশ যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান (India Pakistan Ceasefire)। নয়াদিল্লির দাবি, পাকিস্তানই প্রথমে ফোন করে যুদ্ধবিরতি চায়। ভারত তাতে সম্মত হয়।
তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও নরেন্দ্র মোদী সরকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। দেশের সরকার যে সন্ত্রাসবাদের প্রশ্নে নরম নয় তা বোঝাতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি নীতি এদিন পাশ করিয়েছে। তাতে বলা হয়েছে, এখন থেকে যে কোনও জঙ্গি কার্যকলাপকেই যুদ্ধ বলে মনে করা হবে।