
শেষ আপডেট: 3 December 2023 18:49
দ্য ওয়াল ব্যুরো: জেলের মধ্যেই গ্যাংস্টারকে গুলি করে খুন! রবিবার এমনই ঘটনা ঘটে গেছে মণ্ডল জেলে। সূত্রের খবর, আমান সিং নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে পর পর দুটি গুলি চালিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই দুষ্কৃতীর। কে বা কারা খুন করল সে বিষয়ে এখন কিছু জানায়নি সংশোধনাগার কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকে ধানবাদের ওই কারাগারের বাইরে থমথমে পরিবেশ। নিরাপত্তারক্ষীদের সূত্র থেকে জানা গিয়েছে, জেলে গুলি চলার ঘটনার পরে গোটা মণ্ডল জেলে ইমার্জেন্সি বেল বাজতে শুরু করে। ঘটনাস্থলে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে আমন সিং।
খবর পেয়েই ডিসি বরুণ রঞ্জন ও এসএসপি সঞ্জীব কুমার পৌঁছে যান মণ্ডল জেলে। এসডিএম উদয় রাজাক, সিটি এসপি, ডিএসপি সহ কয়েক ডজন আধিকারিকরাও সেখানে যান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা কারাগার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ হত্যায় অভিযুক্ত ছিল আমান সিং। রাজু ঝাঁ ও ভগত হত্যায় আমানের গ্যাংয়ের লোকজন জড়িত ছিল বলে অভিযোগ।