
নতুন বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত থাকবেন কোথায়!
শেষ আপডেট: 21 February 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভোটে পরাজিত আপ আদমি পার্টির সেনাপতি অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত ‘শিশমহল’ এবার মিউজিয়াম হবে। নতুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই বিজেপি নেত্রী রেখা গুপ্ত স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন যে, তিনি কেজরিওয়ালের সাধের শিশমহলে পা রাখবেন না, বাস করা তো দুরঅস্ত। তাহলে এখন প্রশ্ন উঠেছে দিল্লির নতুন বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত থাকবেন কোথায়! কোন বাড়ি হবে নতুন মুখ্যমন্ত্রীর বাসভবন?
রাজধানীর ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোটিরই বিজেপি বিরোধী দলে থাকাকালীন নাম রেখেছিল শিশমহল। ২০১৫ সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল এই বাড়িতেই থাকতেন। তিনি এই বাড়ি ছাড়েন গতবছর অক্টোবরে। কিন্তু, কোভিডকালে এই বাড়িরই অন্দরমহল ঢেলে সাজা হয় বলে বিজেপির অভিযোগ। যেখানে কোটি কোটি টাকা সরকারি তহবিল থেকে অপচয় হয়েছে বলে ক্যাগ রিপোর্টেও রয়েছে।
এই অবস্থায় শিশমহলে না থাকাটাই বাঞ্ছনীয় মনে করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। কিন্তু, প্রশ্ন হচ্ছে, তাহলে তিনি থাকবেন কোথায়? শোনা যাচ্ছে, দিল্লিতে সরকারি ব্যক্তিদের থাকার ব্যবস্থা দেখভাল করা পূর্ত দফতর আপাতত তিনটি বাসভবন বেছেছে রেখা গুপ্তর জন্য। এর মধ্যে দুটি হচ্ছে মধ্য দিল্লিতে বিজেপির সদর ও দিল্লি বিজেপির কার্যালয় দীনদয়াল উপাধ্যায় মার্গে। এবং তৃতীয় বাংলাটি হল উত্তর দিল্লির সিভিল লাইন্সের রাজপুর রোডে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এগুলি থাকার উপযুক্ত করার জন্য মেরামতি ও রঙচঙ করার প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে যেটিতে রেখা গুপ্ত থাকতে পছন্দ করবেন, সেটি গুছিয়ে দেওয়া হবে। এবং সেই মতো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দফতর তা অনুমোদন দিলেই তাঁকে দিয়ে দেওয়া হবে। বর্তমানে মুখ্যমন্ত্রী তাঁর নিজের বাড়ি শালিমার বাগেই থাকছেন। সূত্রে জানা গিয়েছে, তিনটি বাড়িতেই জেড ক্যাটেগরির নিরাপত্তা থাকবে মুখ্যমন্ত্রীর জন্য। যা আজ, ২১ ফেব্রুয়ারি খতিয়ে দেখা হবে।