দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

শেষ আপডেট: 30 September 2023 18:33
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ১২ বছরের কিশোরীর গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই এক অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের বাবা এই ঘটনায় ছেলের পাশে দাঁড়ানো তো দূর, উল্টে মৃত্যুদণ্ড চাইলেন আত্মজর! ধর্ষিতা নাবালিকার কথা শুনে বললেন, 'ও তো আমার মেয়েও হতে পারত!'
দিন তিনেক আগে উজ্জয়িনী থেকে ১৫ কিলোমিটার দূরে শহরের রাস্তায় ১২ বছরের কিশোরীর ধর্ষিতা, অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় দোরে দোরে সাহায্য চেয়ে বেড়ানোর ভিডিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সেই ঘটনায় ছিছিক্কার পড়ে যায় সারা দেশে। কিশোরীকে আর কেউ সাহায্য না করলেও কাছের একটি মন্দিরের এক তরুণ পুরোহিত নিজের জামা দান করেন ধর্ষিতা নাবালিকাকে। তিনিই খবর দেন থানায়। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে ইন্দোরের একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে নাবালিকা। তার একটি জটিল অস্ত্রোপচার করা হয়েছে। ঘটনার অভিঘাতে নাবালিকা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে, নিজের নাম ঠিকানাও সঠিকভাবে বলতে পারেনি সে। তার কাউন্সেলিং করা হচ্ছে। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে, ১২ বছরের কিশোরী সাতনা জেলার বাসিন্দা।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
ঘটনার ৩ দিন পর গত বৃহস্পতিবার ভরত সোনি নামে এক অটোচালককে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার যখন তাকে তদন্তের খাতিরে অকুস্থলে নিয়ে যাওয়া হয়, তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে সে। যদিও তাকে ধরে ফেলা হয়। তবে পালানোর চেষ্টা করতে গিয়ে সেও চোট পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় অভিযুক্ত ভরতের বাবা ছেলের পাশে দাঁড়াননি। উল্টে এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি বলেছেন, 'না, আমি ওকে দেখতে হসপিটালে গিয়েছিলাম, না থানায় কিংবা কোর্টে যাব। আমার ছেলে অত্যন্ত গর্হিত অপরাধ করেছে। ওকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত।' ধর্ষিতা নাবালিকার কথা বলতে গিয়ে তিনি জানান, নিগৃহীত কিশোরী তাঁর নিজের মেয়ে হতে পারত, তাই কোনওভাবেই অভিযুক্তের পাশে দাঁড়াতে পারবেন না তিনি।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। কংগ্রেসের তরফে মধ্যপ্রদেশের বিজেপির শিবরাজ সিং চৌহান সরকারকেই এমন ঘটনার জন্য দায়ী করা হয়েছে। কেন এমন ন্যাক্কারজনক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ খোলেননি, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
অন্যদিকে উজ্জয়নীর বার কাউন্সিলের তরফে অভিযুক্তের পক্ষে কোনও উকিল যাতে না দাঁড়ান, সেই অনুরোধ জানানো হয়েছে। বার কাউন্সিলের সভাপতি অশোক যাদব জানিয়েছেন, এই ঘটনায় শহরের ইজ্জত ভূলুণ্ঠিত হয়েছে। তিনি জানিয়েছেন, কাউন্সিলের সকল সদস্যের কাছে অনুরোধ করা হয়েছে যাতে কেউ অভিযুক্তের আইনজীবী হিসেবে সওয়াল না করেন।