কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরে এমপি/এমএলএ আদালতে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

বিচারকের সামনে হাতজোড় করে প্রণাম জানান রাহুল এবং শুনানি শেষে ধন্যবাদও জানান।
শেষ আপডেট: 20 February 2026 11:51
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরে এমপি/এমএলএ আদালতে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর আইনজীবীর দাবি, আদালতে সব অভিযোগ অস্বীকার করে রাহুল বলেন, “রাজনৈতিক বিদ্বেষ থেকে এই মামলা করা হয়েছে। এর কোনও মজবুত ভিত্তি নেই।” প্রায় ২০ মিনিট আদালতে ছিলেন রাহুল। ফৌজদারি কার্যবিধির ৩১৩ ধারায় তাঁর বয়ান রেকর্ড করা হয়। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৯ মার্চ, ২০২৬। আদালতে উপস্থিত আইনজীবীদের কথায়, বিচারকের সামনে হাতজোড় করে প্রণাম জানান রাহুল এবং শুনানি শেষে ধন্যবাদও জানান।
আদালত থেকে বেরিয়ে তিনি রামচেত মোচির পরিবারের সঙ্গে দেখা করতে যান। তিন মাস আগে ক্যানসারে মৃত্যু হয় রামচেতের। বছরখানেক আগে ওই মোচির দোকানেই জুতো সেলাই করিয়েছিলেন রাহুল; পরে তাঁকে একটি সেলাই মেশিন উপহারও পাঠান।
সকালে দিল্লি থেকে লখনউ বিমানবন্দরে পৌঁছন রাহুল। সেখানে কংগ্রেস কর্মীরা তাঁকে স্বাগত জানান। সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতে পৌঁছলে সমর্থকেরা “রাহুল জিন্দাবাদ” স্লোগান দেন। মালা পরাতে গেলে রাহুল তা নাকচ করে হাসিমুখে আদালতে ঢুকে যান।প্রায় আট বছরের পুরনো এই মামলার সূত্র ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচন। অভিযোগ, সেই সময় এক জনসভায় রাহুল গান্ধী বলেন, সততার কথা বলা একটি দলের সভাপতি খুনের অভিযোগে অভিযুক্ত। ওই মন্তব্যকে ঘিরেই ২০১৮ সালের ৪ অগস্ট সুলতানপুরের বিজেপি নেতা বিজয় মিশ্র মানহানির মামলা দায়ের করেন।
এর আগে সুলতানপুর আদালত রাহুলকে ১৯ জানুয়ারি ব্যক্তিগতভাবে হাজিরার নির্দেশ দেয় এবং সতর্ক করে জানায়, এটি শেষ সুযোগ—এর পর কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। রাহুলের আইনজীবী কাশী শুক্লা বলেন, “আজ তিনি সময়মতো আদালতে এসে বয়ান দিয়েছেন। ৯ মার্চ উভয় পক্ষ তাদের যুক্তি ও প্রমাণ পেশ করবে।” আদালতে রাহুলের স্পষ্ট বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।