
অনলাইনে পাওয়া যেতে পারে মদ
শেষ আপডেট: 16 July 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: মদের হোম ডেলিভারি!
এখন আর খুব একটা বাজার যাওয়ার দরকার পড়ে না। অনলাইন শপিংয়ের সুবিধা পেয়ে মানুষ প্রায় সব জিনিসই বাড়িতে নিয়ে আসতে পারেন। সুচ থেকে শুরু করে টিভি, ফোন, ওয়াশিং মেশিন... কিছুই বাকি নেই। এখন এই তালিকায় ঢুকে যেতে পারে মদও। একাধিক রাজ্য চিন্তা-ভাবনা করছে অনলাইন মদ বিক্রিতে সায় দেওয়ার।
নয়াদিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, গোয়া, কেরলের মতো রাজ্য চাইছে অনলাইনে মদ বিক্রি করতে। বিভিন্ন জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি, জ্যোমাটো, বিগ বাস্কেটের মাধ্যমেই খাবার বা অন্যান্য জিনিসের মতো মদ বাড়িতে পৌঁছে দেওয়ার ভাবনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিয়ার, ওয়াইনের মতো পানীয়ের হোম ডেলিভারি হতে পারে।
অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলির থেকে ইতিমধ্যে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে রাজ্য প্রশাসনগুলি। অনলাইন মদ বিক্রি করা হলে বাজারে তার প্রভাব কেমন পড়বে, আদৌ কোনও লাভ হবে কিনা কিংবা মানুষের আগ্রহ থাকবে কিনা বাড়িতে মদ অর্ডার দিতে, সেগুলি নিয়ে আপাতত আলোচনা চলছে। তবে অনলাইন মদ বিক্রি শুরু হলে সমাজে যে একটা হইচই শুরু হবে তা নিশ্চিতভাবে বলা যায়।
ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সুইগি এবং স্পেনসর রিটেল থেকে অনলাইনে মদ বিক্রি করা হয়। যদিও তা সীমিতভাবে। কিন্তু সরকার অনুমতি দেওয়ার পর পুরোদস্তুর মদ বিক্রি শুরু হলে ১৮ বছরের কমে অনেকেই সেই অর্ডার দিতে পারবে। এটা আলাদা করে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও এই পদক্ষেপ নেওয়ার আগে অনলাইনে বয়স যাচাইয়ের বিষয়টি রাখা হবে বলে পরিকল্পনা করা হয়েছে। এছাড়া যারা মদ অর্ডার দিচ্ছে তাদের সেই লেনদনের হিসেবও রাখা হতে পারে।
এর আগেই জানা গেছে, পূর্ব ভারতের প্রথম মদের শপিং মল খুলতে পারে কলকাতায়। অর্থাৎ একই ছাদের তলায় মদের পুরো সম্ভার মিলবে। সূত্রের খবর, সম্প্রতি রাজ্যের আবগারি নীতিতে কিছু পরিবর্তন আনা হয়। তার পরই এই মদের শপিং মল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।