
হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা
শেষ আপডেট: 2 July 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যুমিছিল! উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগ মহিলা এবং তিন জন শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার হাথরসে এক 'সৎসঙ্গ'-এর অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই ঘটে দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের চাপে প্রাণ হারান অসংখ্য মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন।
Very sad news coming from Hathras, Uttar Pradesh. At least 40 people died in a stampede that occurred during Shiv Katha.
— Shubham Sharma (@Shubham_fd) July 2, 2024
While going outside, people were trying to leave the Hall from a small gate. To get out early, many people lost their lives. OM Shanti. pic.twitter.com/iBrnYSFR0z
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাথরসের এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই হাথরসই ফের শিরোনামে। এবার ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল বহু মানুষের। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়েও।
ঘটনাটির খানিকক্ষণ বাদে হাথরাসের জেলা শাসক আশিস কুমার জানিয়েছিলেন, ৫০-৬০ জন মারা গেছে। ইটা জেলার কর্মকর্তারা আরও ২৭ জনের মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুর সংখ্যা একেবারে লাফিয়ে বাড়ছে। এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ সন্ধে ৬টা পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ২৭ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন বহু মানুষ। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহতদের হাসপাতালে নিয়ে গেলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসক ছিল না। চিকিৎসার গাফিলতিরও অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনার পর পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
ঘটনাটি নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। লিখেছেন, "একটু আগেই হাথরাসে পদপিষ্টের ঘটনা জানতে পেরেছি। শোকাহত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
Just now learnt that in a sad incident of stampede, at least 27 devotees (including 23 women and 3 children) have succumbed to death at Hathras, UP. My heart goes out to their family members. Sincere condolences to the bereaved kins.
— Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2024
স্থানীয়রা জানিয়েছেন, মানব মঙ্গল মিলন সদ্ভাবনা সমাগম কমিটির তরফে ওই 'সৎসঙ্গ'-এর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান শেষ হতে হুলস্থুল বেঁধে যায়। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হলে পদপিষ্ট হন অনেকে। প্রায় ১০০-র বেশি মানুষ মারা গিয়েছে। অসংখ্য পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন।
ঘটনাটিতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, মুঘলাগড়ি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধরী এবং সন্দীপ সিংহ। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজিও।