
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 December 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: ভাইরাল ভিডিও দেখেই মুশকিল আসান। অসমের গুয়াহাটিতে মহিলাকে গণধর্ষণের ঘটনায় সাত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গুয়াহাটির গড়চুক এলাকার ঘটনা।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের নজরে আসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি। যা দেখে রীতিমতো হাড়হিম হওয়ার জোগাড়।
ভিডিও দেখেই গণধর্ষণের বিষয়টি সামনে আসে পুলিশের। এরপরই স্বতঃপ্রণোদিতভাবে দায়ের হয় মামলা। ন’জন অভিযুক্তর খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি।
এরপর স্থানীয়দের সাহায্য নিয়ে গুয়াহাটির গড়চুক, জালুকবাড়ি-সহ একাধিক এলাকা থেকে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম, কুলদীপ নাথ, বিজয় রাভা, পিংকু দাস, গগন দাস, সৌরভ বোরো, মৃণাল রাভা এবং দিয়াপঙ্কর মুখিয়া — সকলের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বলেই জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে কেউ রাজমিস্ত্রি বা কেউ ডেলিভারি বয়ের কাজ করত বলে খবর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাস পূর্ণিমার সময় এমন ঘটনা ঘটলেও বিষয়টি সামনে আসে ভিডিও ভাইরাল হওয়ার পর। জানা যাচ্ছে, ভিডিও দেখে আরও দু’জনের খোঁজ শুরু করেছে পুলিশ।