ফাইল ছবি
শেষ আপডেট: 25 January 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের আগে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ফের অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। জানা গেছে, শনিবার ভোর থেকে কাঠুয়া জেলায় শুরু হয়েছে গুলির লড়াই। শেষ পাওয়া খবর, এখনও লড়াই থামেনি।
সূত্রের খবর, কাঠুয়ার জঙ্গল ঘেঁষা এলাকা ভাতোদিতে সেনার যে অস্থায়ী ক্যাম্প রয়েছে এদিন সেখানে গুলি চালায় জঙ্গিরা।
শুক্রবার রাত দেড়টা নাগাদ সন্দেহভাজন জঙ্গিদের গতিবিধি টের পান ক্যাম্পের জওয়ানরা। এরপর ভোররাত থেকে শুরু হয় গুলির লড়াই। যদিও জঙ্গিদের এখনও খোঁজ মেলেনি বলে খবর। পলাতকদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে।
জম্মু প্রতিরক্ষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল ভরতওয়ালের মতে, ভাতোদি এলাকায় সন্ত্রাসীদের সন্দেহজনক গতিবিধি ছিল সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প তৈরি করা হয়েছি। তারপরই গুলির লড়াই শুরু হয়। তদন্ত চলছে।" তবে এখনও পর্যন্ত উভয়পক্ষের কোনও হতাহতের খবর মেলেনি। জওয়ানদের মতে সন্ত্রাসীরা, সংখ্যায় বেশ কয়েকজন ছিল। তারা কাছাকাছি জঙ্গলে গা ঢাকা দিয়েছে।
রবিবার প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে যখন আঁটোসাঁটো নিরাপত্তা তখন ফের অশান্ত হয়ে উঠল উপত্যকা। উল্লেখ্য, দেশের সীমান্তগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। প্রজাতন্ত্র দিবসে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।