
ছত্তীসগড়ে খতম ৯ মাওবাদী
শেষ আপডেট: 3 September 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে আবারও বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। কয়েক ঘণ্টার গুলির লড়াইয়ে খতম ৯ মাওবাদী। ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ড এবং সিআরপিএফ-এর যৌথ অভিযানে এই সাফল্য আসে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় শুরু হয় গুলির লড়াই। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা এই লড়াইয়ে ৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন মাওবাদী নেতা আহতও হয়ে বলে খবর। তাদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এলাকায়।
প্রচুর অস্ত্রের মধ্যে বন্দুক, রাইফেল, বোমাও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। যদিও কোনও জওয়ান এই এনকাউন্টারে আহত হননি বলে জানানো হয়েছে। পরিসংখ্যান বলছে, বিগত কয়েক মাসের মধ্যে শুধু ছত্তীসগড়ে ১৫০-র বেশি মাওবাদী নিকেশ হয়েছে। তাদের মধ্যে মহিলা মাওবাদী নেত্রী থেকে শুরু করে ক্যাডাররাও আছে।
মাওবাদী হামলায় চলতি বছর একাধিক বিজেপি নেতার মৃত্যু হয়েছে। এই বিষয়টি উদ্বেগ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকারের। কারণ গত এক বছরে শুধু ছত্তীসগড়েই মাওবাদী হামলার বলি হয়েছেন আটজন বিজেপি নেতা।