
ভারত - চিন
শেষ আপডেট: 17 December 2024 08:30
দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত থেকে সেনা সরানো নিয়ে দিন পনেরো আগে দিল্লিতে ভারত ও চিনের অফিসার পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে। সেই আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে এবার বেজিং যাচ্ছেন স্বয়ং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আগামীকাল বুধবার বেজিংয়ে দুই দেশের বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। চিনের প্রতিনিধিত্ব করবেন সে দেশের বিদেশ মন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ই।
গত ২১ অক্টোবর পূর্ব লাদাখের ডেমচক এবং ডেপসাং থেকে সেনা প্রত্যাহার করে দুই দেশ। সেই সিদ্ধান্তের পিছনে কাজ করেছিল ডোভাল ও ওয়াং ই’র রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বৈঠক। ১২ সেপ্টেম্বরের সেই বৈঠকেই ঠিক হয়েছিল দুই দেশের মধ্যে লাগাতার সংলাপ চলবে।
তাৎপর্যপূর্ণ হল, ২১ অক্টোবর দুই দেশ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর দু’দিনের মাথায় রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিং পিন। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে ৫ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় দুই দেশের অফিসার পর্যায়ের আর এক দফা বৈঠক হয়।
লাদাখের একাংশে সাময়িক সেনা প্রত্যাহারের পর দুই দেশের আলোচনায় এখন গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সংঘাত কমিয়ে আনা। সেই উদ্দেশ্য সফল হলে চূড়ান্ত লক্ষ্য হল আগামী কয়েক বছরের মধ্যে সেনা প্রত্যাহারের পরিবেশ তৈরি করা। ২০২০ থেকে দুই দেশের মধ্য সীমান্ত সংঘাত অব্যাহত। দুই দেশই একে অপরের বিরুদ্ধে সীমানা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।