
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 21 February 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: ঘুসির পর এবার সহপাঠীকে গুলি!
বুধবার বাংলার হুগলির একটি স্কুলে দশম শ্রেণির এক ছাত্রর ঘুসিতে মৃত্যু হয়েছিল তার সহপাঠীর। দুদিনের ব্যবধানে এবার সহপাঠীকে গুলি করে হত্যার অভিযোগে বিহারের (Bihar) এক মাধ্যমিক পরীক্ষার্থীকে (Secondary school student) গ্রেফতার করল পুলিশ। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, একজন মাধ্যমিক পরীক্ষার্থী কোথা থেকে বন্দুক পেল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার হলে খাতা না দেখানোর প্রতিশোধ নিতে পরে সহপাঠীকে রাস্তায় গুলি চালায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী। গুলি কাণ্ডে জখম হয়েছে আরও এক ছাত্র। হাসপাতালে চিকিৎসা চলছে দশম শ্রেণির ওই পড়ুয়ার।
গত ১৭ ফেব্রয়ারি থেকে বিহারে শুরু হয়েছে ম্যাট্রিক (মাধ্যমিক) পরীক্ষা। পরীক্ষার হলে উত্তরপত্র না দেখানোয় গত বুধবার দুই ছাত্রর মধ্যে গোলমাল হয়েছিল। তাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল অভিযুক্ত।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার কয়েকজন সহপাঠীর সঙ্গে মেধাবী ওই ছাত্র যাচ্ছিল। তখনই অভিযুক্ত তার সাঙ্গোপাঙ্গ নিয়ে ঘিরে ধরে। মেধাবী ছাত্রটিকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে আরও এক ছাত্রের। পরে তাদের দু'জনকে সহপাঠীরা হাসপাতালে নিয়ে গেলে মেধাবী ছাত্রটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে একজন মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে বন্দুক কীভাবে এল এবং পরীক্ষায় খাতা না দেখানোর প্রতিশোধ হিসেবে তার মধ্যে এমন ক্রিমিনাল মানসিকতা কীভাবে তৈরি হল, বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের।