
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 11 December 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার ভিতরেই বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে 'লেডি কিলার' বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই বুধবার তুলকালাম বাধল সংসদে। চলতি শীত অধিবেশনে নজিরবিহীনভাবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর এদিন বহু বিতর্কের নায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জ্যোতিরাদিত্যকে লেডি কিলার বলায় তৃণমূল এমপি-র সদস্যপদ খারিজের দাবি তুলেছে ট্রেজারি বেঞ্চ।
কল্যাণ এদিন বলেন, আপনি খুব সুদর্শন পুরুষ। কিন্তু, আপনি একজন খলনায়ক। এতেও থেমে থাকেননি শ্রীরামপুরের লোকসভা সদস্য। তিনি সিন্ধিয়াকে লক্ষ্য করে বলেন, আপনি একজন লেডি কিলার। এরপরেই লোকসভায় হইচই বেধে যায়। কল্যাণের বক্তব্য, সিন্ধিয়া তাঁর পরিবারের মহারাজা হতেই পারেন। তাই বলে তিনি অন্য সকলকে নিচু ভাবতে পারেন না।
এর জবাবে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও-পুত্র জ্যোতিরাদিত্য বলেন, আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন সভায়। আমার নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আপনি যদি আমার পরিবারের বিরুদ্ধে বাজে কথা বলেন, তাহলে আমি মোটেই সহ্য করব না। কেউ তা করতে পারে না। তখন সভায় হট্টগোল দেখে বেগতিক বুঝে কল্যাণ সকলের সামনে ক্ষমা চেয়ে নেন। কিন্তু, দৃশ্যত রেগে যাওয়া সিন্ধিয়া তাঁকে ক্ষমা করতে অস্বীকার করেন।
তৃণমূল এমপি তখন বলেন, সিন্ধিয়ার মনে দুঃখ দেওয়া বা তাঁকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। তখন কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া উঠে দাঁড়িয়ে বলেন, আমরা সবাই এসেছি দেশ গঠনের কাজে। আপনি আমার বা আমাদের নীতিগত সমালোচনা করতেই পারেন। কিন্তু, ব্যক্তি আক্রমণ করা আপনার উচিত হয়নি। এখানে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকের আত্মসম্মান আছে। আমিও দুঃখিত, কিন্তু আপনার ক্ষমা চাওয়া গ্রহণ করতে পারছি না।
সিন্ধিয়া আরও বলেন, উনি ওনার কথায় দেশের তামাম মহিলাদের অপমান করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও কিছু বলতে উঠলে হট্টগোলের জন্য লোকসভা বিকেল ৫টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। যদিও কল্যাণের এই বক্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে মহিলা এমপিদের মধ্যে। বিজেপির মহিলা সাংসদরা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে কল্যাণের নামে নালিশ করেন। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। যা সংসদীয় রীতি-বিরুদ্ধ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চলতি অধিবেশনের বাকি দিনগুলির জন্য বরখাস্তের দাবি জানান তাঁরা।