.webp)
উত্তরপ্রদেশের উন্নাওয়ে স্কুলে ফেসিয়াল করাচ্ছেন প্রধান শিক্ষিকা। রক্তাক্ত সহ শিক্ষিকা (বাঁদিকে)।
শেষ আপডেট: 19 April 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস ও দায়িত্ব ছেড়ে স্কুলের রান্নাঘরে বসে 'ফেসিয়াল' করছিলেন প্রধান শিক্ষিকা। এক সহকারী শিক্ষিকা সেই ঘটনার ভিডিও তোলায় তাঁকে কামড়ে রক্তাক্ত করে দিলেন প্রধান শিক্ষিকা। দুটো ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় তোলপাড় পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের উন্নাও জেলার শিক্ষা ও অভিভাবক মহলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সঙ্গীতা সিং ক্লাস ফাঁকি দিয়ে রান্নার জায়গায় বসে ফেসিয়াল করাচ্ছিলেন বাইরে থেকে বিউটিশিয়ান এনে। আমন খান নামে এক সহকারী শিক্ষিকা সেই ঘটনার ভিডিও তোলায় রাগে তাঁর হাত কামড়ে রক্তাক্ত করে দেন সঙ্গীতা।
এই ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিঘাপুর থানায় একটি অভিযোগ জমা পড়েছে। ব্লক শিক্ষা আধিকারিক এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। বিঘাপুর সার্কল অফিসার এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেছেন, সহকারী শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কর্তব্যে ফাঁকি, স্কুল চত্বরে বাইরের লোক ডেকে পার্লারের পরিবেশ সৃষ্টি, সহকারী শিক্ষিকাকে মারধর ও রক্তাক্ত করার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
এর বাইরেও এই ভিডিও দেখে নেটপাড়ায় ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। অসংখ্য মানুষ রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলেছেন, সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কীভাবে সাধারণ মানুষের টাকা নয়ছয় করছেন। একজন মন্তব্য করেছেন, সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা এবং শিক্ষিকারা স্কুলকে বিউটি পার্লার বানিয়ে রেখেছেন।
অন্য একজন দেওয়ালে লিখেছেন, শিক্ষার সঙ্গে একটি করে স্কিন ফেসিয়াল বিনামূল্যে দেওয়া হবে 'উত্তম'প্রদেশে। তবে সকলেই একবাক্যে চাকরি ও পদোন্নতির ভয় না পেয়ে সহকারী শিক্ষিকা আমনের কাজের তারিফ করেছেন। এবং প্রধান শিক্ষিকার যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করার জন্য তাঁকে চিরতরে বরখাস্ত করার দাবিও উঠেছে।